২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুন থেকে টিভি পর্দায় ‘বেসিক আলী’

জনপ্রিয় কার্টুন স্ট্রিপ বেসিক আলী এবার টেলিভশন সিরিজ হিসেবে আত্মপ্রকাশ করছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2017, 08:06 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

‘বেসিক আলী’ কার্টুন থেকে নির্মিত হলো টিভি সিরিজ। চ্যানেল আই’তে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে সিরিজটি| সিরিজের নাম চরিত্রে অভিনয় করছে তাওসিফ মাহবুব।  এর আগে গত জুন মাসে বেসিক আলী লাইভ অ্যাকশন কমেডির ১৩ টি পর্ব প্রকাশিত হয় ইউটিউবে বেসিক স্টুডিওস এর চ্যানেলে।

বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই সিরিজের নির্মাতা প্রতিষ্ঠান বেসিক স্টুডিওস। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৬ সাল থেকে দৈনিকে প্রকাশিত কার্টুন সিরিজটি নিয়ে প্রতিবছর বই প্রকাশিত হচ্ছে। এবার টিভি সিরিজে এলো কার্টুনটি। এতে প্রতিটি পর্ব আলাদা গল্পের ওপর তৈরি| অভিনয় শিল্পীর সংখ্যাও তাই অনেক বেশি| সিরিজটি চ্যানেল আইতে নিবেদন করেছে ইম্পালস হাসপাতাল। এই সিরিজের প্রতি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিট।

সংবাদ সম্মেলনে কার্টুনিস্ট এবং বেসিক আলীর স্রষ্টা শাহরিয়ার খান সাংবাদিকদের বলেন, “আমরা কোনো নিয়মিত কমেডি সিরিজ তৈরি করিনি। এটা কার্টুন চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি বলে এর মধ্যে কার্টুনিস্টিক উদ্ভট ব্যাপার আছে যেটা এর আগে কেউ বাংলাদেশে তৈরি করেনি!”

তিনি আরও বলেন, “আশা করি দর্শকরা মজা পাবেন। এটা কার্টুন নয় তাই এর ভেতর স্ট্রিপ কার্টুনের মজা না খুঁজে দর্শকরা লাইভ অ্যাকশন কমেডি হিসেবে দেখলে অবশ্যই মজা পাবে।”

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, আব্দুল্লাহ রানা (তালিব আলী), বিজরী বরকতুল্লাহ (মলি আলী), সাবিলা নূর (রিয়া), মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), রিফাত জাহান (নেচার), এবং আনন্দ আজিম (ম্যাজিক)| এছাড়া মাসুম বাশার এবং মিলি বাশার হিল্লোলের বাবা মায়ের ভূমিকায় অভিনয় করেছে।

সিরিজটি পরিচালনা করেছে কাজল আরেফিন অমি।