২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ স্মরণে ‘হুমায়ূন মেলা’

জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হুমায়ূন মেলা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 06:43 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

নানা আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হুমায়ূন মেলা’। এ উপলক্ষে গতকাল (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান উদ্যোক্তারা।

মেলা উপলক্ষে ১৩ নভেম্বর হুমায়ূনের জন্মদিন বিকেল ৩টা ৫ মিনিটে তেজগাঁওয়ের চ্যানেল আই চত্বরে হুমায়ূন মেলা’র উদ্বোধন পর্বে উপস্থিত থাকবেন- নাট্যব্যক্তিত্ব, কবি-সাহিত্যিকসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা, থাকবেন চ্যানেল আই পরিচালকবৃন্দ, জাতীয় দৈনিকের সম্পাদক, ও হুমায়ূন আহমেদ পরিবারের সদস্যরা।

মেলায় থাকবে হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র, নাটকসহ তার কর্মজীবনের নানা সামগ্রীর স্টল। মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

মেলা প্রাঙ্গণ মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান, নাচ, আবৃত্তি, স্মৃতিচারণ পর্ব ইত্যাদি। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর ও সংগীতশিল্পী সেলিম চৌধুরী।

মেলা সম্পর্কে ফরিদুর রেজা সাগর বলেন “হুমায়ূন আহমেদ নানাভাবে চ্যানেল আই-এর সাথে যুক্ত ছিলেন। শুধু চ্যানেল আই-ই নয়, তিনি ইমপ্রেস টেলিফিল্ম লি. থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন।

আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক নাটক ও সিনেমা তৈরি করেছেন এবং নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। লিখেছেন চ্যানেল আই-এর জন্য অনেক নাটক।

তাকে নিয়ে এ ধরনের একটি মেলার আয়োজন করে আমরা গর্বিত। অন্যবারের মতো মেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত হবে।”

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন কেরামত মওলা, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও অভিনেতা মাজনুন মিজান। তারা হুমায়ূন আহমেদের বিভিন্ন স্মৃতিকর্ম নিয়ে কথা বলেন।