সেন্সর ছাড়পত্র পেল ‘হালদা’
আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা তৌকির আহমেদের পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’। গতকাল (৬ অক্টোবর) চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে নির্মিত চলচ্চিত্রটির ট্রেইলার ও গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অন্তর্জালে। গান ও ট্রেইলারে প্রশংসিত ‘হালদা’ সেন্সরবোর্ডেও প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
নিজের সর্বশেষ নির্মাণ ‘অজ্ঞাতনামা’ নিয়ে ২৮তম কার্থেজ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বর্তমানে তিউনিসিয়ায় রয়েছেন তিনি।
সেখান থেকেই তিনি বলেন, “সোমবার সেন্সর বোর্ড ‘হালদা’ দেখে আনকাট ছাড়পত্র প্রদান করেছে। পাশাপাশি তারা ছবির ভূয়সী প্রশংসা করেছে। এখন ‘হালদা’ মুক্তি দেওয়া নিয়ে চিন্তামুক্ত হলাম। আমি দেশের বাইরে থাকায় ‘হালদা’র প্রচারণায় অংশ নিতে পারছি না। ১৫ নভেম্বর আমি দেশে ফিরব। এরপর পুরোদমে ছবির প্রচারণায় অংশ নেব।”
মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এই নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবন প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটির গল্পে।
আজাদ বুলবুলের রচনায় চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তৌকির নিজেই। ছবিটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। এতে আরো অভিনয় করছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
‘হালদা’ বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে ‘হালদা’ । এছাড়াও বিশ্বের প্রায় ১৬টি দেশে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে।
