২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র বিষয়ক আলোচনায় অমিতাভ রেজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে’ চলচ্চিত্র নিয়ে আলোচনা করলেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 08:25 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

শুক্রবার শুরু হওয়া এ কোর্সের অংশ হিসেবে ‘চলচ্চিত্র দেখা এবং বিশ্ব চলচ্চিত্রের পথ’- বিষয়ে একটি সেশন পরিচালনা করেন এ নির্মাতা।

সেশনটি শুরু হয় সকাল ১০ টা ৫০ মিনিটে। এ সময় তিনি চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রে বিভিন্ন আর্টের ব্যবহার নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ও ফিল্ম মেকিং কোর্সের মধ্যে ভিন্নতা রয়েছে। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের মূল উদ্দেশ্য হল সিনেমার রস আস্বাদন। আমরা এই কোর্সের মাধ্যমে শিখব কীভাবে সিনেমার এই রস আস্বাদন করা যায়।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ২ দিন ব্যাপী এ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ বাংলাদেশের সভাপতি স্থপতি নাইলুন নাহার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, জবি চলচ্চিত্র সংসদের মেন্টর জুনায়েদ আহমদ হালিম।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি দেবাশীষ বিশ্বাস পাভেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাওন।

এর পরে দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ‘চলচ্চিত্রের ভাষা এবং চলচ্চিত্র পাঠ’ নিয়ে আলোচনা করেন চলচ্চিত্র গ্রাহক ও শিক্ষক মাকসুদুল বারী। সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্রের সামগ্রিক নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রাজীবুল হোসেন।