২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা

স্বপন আহমেদ পরিচালিত ‘ভবঘুরে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ফের চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 09:25 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

মাতৃত্বকালীন বিরতির পর নিজেকে ছোটপর্দায় ব্যস্ত রেখেছিলেন পূর্ণিমা। নানা জটিলতায় সমসাময়িক শাবনূর-পপি ক্যারিয়ার নিয়ে ধুঁকলেও পূর্ণিমা যেন নতুন রূপে নিজেকে গড়ে চলেছেন। চলচ্চিত্রে ফিরতে পছন্দের স্ক্রিপ্ট খুঁজছিলেন তিনি। অবশেষে ‘লালটিপ’ ও ‘পরবাসিনী’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের নতুন চলচ্চিত্র ‘ভবঘুরে’-তে যুক্ত হলেন তিনি।

এ প্রসঙ্গে গ্লিটজ’কে পূর্ণিমা বলেন, “এ সিনেমার কাহিনিটি অনেক সুন্দর। গল্পটি নিয়ে পরিচালক এরই মধ্যে কথা বলেছেন। ফ্রান্সে বেড়ে ওঠা একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। নভেম্বরের প্রথম সপ্তাহের পর ইউরোপে এ সিনেমার শুটিং শুরু হবে। অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছি। সব ঠিক থাকলে আগামী মাসেই ইউরোপে রওনা করব।”

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ চিত্রনায়িকার সর্বশেষ বড়পর্দায় উপস্থিতি ২০১২ সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ চলচ্চিত্রটিই ছিলো পূর্ণিমার বড় পর্দায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। ‘ভবঘুরে’তে পূর্ণিমার উপস্থিতি নিশ্চিত হলেও থাকছেন না পূর্বে চুক্তিবদ্ধ হওয়া তানজিন তিশা। ভিসা জটিলতায় চলচ্চিত্রটি থেকে বাদ পড়তে হয়েছে তাকে। চলচ্চিত্রটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শিপন।

এ প্রসঙ্গে প্যারিস থেকে গ্লিটজকে নির্মাতা বলেন, “ভিসা জটিলতায় তিশাকে নিয়ে কাজ করা সম্ভব হলো না। পূর্ণিমা করছেন তার চরিত্রটি। ও আজ ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। খুব শীত এখানে। দিন থাকছে মাত্র ছয় ঘন্টা। এর মধ্যে কাজ করা খুব কঠিন হলেও আমরা কাজটা শুরু করছি আগামী ১০ তারিখ থেকে।”

চলচ্চিত্রটির কাহিনী সম্পর্কে নির্মাতা বলেন, “চলচ্চিত্রটির গল্প একটি ভবঘুরে ছেলেকে নিয়ে। প্যারিসে আন্ডারগ্রাউন্ড মিউজিক্যাল মুভমেন্ট করে সে। একটা মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে জঙ্গিবাদে ফেঁসে যায়।”

প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি থ্রিলার ও রোমান্সে ভরপুর ‘ভবঘুরে’ চলচ্চিত্রের শুটিং হবে ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন ইবরার টিপু। পূর্ণিমা-শিপন ছাড়াও এতে অভিনয় করবেন ফারুক আহমেদ, শিমুল খান প্রমুখ।