আসছে ফাহিমের ‘বাংলা ড্যান্স’
প্রায় চার বছর পর ডেডলাইন মিউজিকের প্রযোজনায় মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে তরুণ সংগীতশিল্পী ফাহিমের নতুন গান।
গানের শিরোনাম ‘বাংলা ড্যান্স’। রাহুল ভানজা’র কথায় এ গানটির সুর করেছেন অম্লান। সংগীতায়োজন করেছেন বব। সম্প্রতি এফডিসিতে শুটিং শেষে এ গানটির মিউজিক ভিডিও এর কাজ শেষ হয়েছে।
ফাহিম বলেন, “আমার তৃতীয় অ্যালবাম ‘বলছি তোমায়’ এর চার বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের নিকট হাজির হতে যাচ্ছি। তাই কাজটা বেশ যত্ন করে করেছি । আশা করি, সকলে নতুন গানটির পাশাপাশি ভিডিওটিও পছন্দ করবেন।”
গানটিতে ফাহিমের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন মেঘলা ও তৃষ্ণা। ডেডলাইন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আগামী ১৮ অক্টোবর প্রকাশ হবে ‘বাংলা ড্যান্স’।
প্রসঙ্গত, এর আগে ফাহিমের ‘প্রেয়সী’,‘কি লাভ’,‘পাখি’,‘এতদিন’,‘জীবনের মায়া’সহ বেশকিছু আলোচিত মিউজিক ভিডিও প্রকাশিত হয়।
