২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা শরনার্থী শিশুদের ড্রামা থেরাপি

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর শরণার্থী ক্যাম্পে শিশুদের জন্য আয়োজিত হলো ড্রামা থেরাপি শীর্ষক এক সাংস্কৃতিক কর্মসূচী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 06:32 PM

Updated : 11 Oct 2022, 02:37 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ আয়োজনের পরিকল্পক লিয়াকত আলী লাকী।

ড্রামা থেরাপির প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত ৭ ও ৮ অক্টোবর পালং বালুখালী, ঘুমধুম, পালং খালী, থ্যাংখালী, টেকনাফের উনছিপ্রাং সহ অন্যান্য এলাকায়।

মুখোশ নির্মাণ, থিয়েটার গেইম, সার্কাস প্রদর্শন, পারফরমেন্স আর্টসহ নানা রঙিন আয়োজনে সাজানো হয়েছে এ ড্রামা থেরাপি।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে একটি দল ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত অনাথ ও অসহায় শিশুদের মাঝে তাদের মানসিক বিনোদন প্রদানের লক্ষ্যে ড্রামা থেরাপি উপস্থাপনা করে চলেছে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে লিয়াকত আলী লাকি বলেন, “মিয়ানমারের সহিংসতা থেকে বেঁচে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া ও অসহায় শিশুদের মানসিক ক্ষতের উপর মানবিক সহমর্মিতার মাধ্যমে মানসিক শক্তি জোগাতে এবং বিনোদনের মধ্যে দিয়ে শিশুদের বিনোদিত করতে এ আয়োজন। জীবনকে আনন্দময় করে তোলার জন্য এই আয়োজন অসংখ্য ঘাত প্রতিঘাতের মধ্যে থাকা শিশুদের সাময়িক হলেও সুখী করবে।”

উপস্থাপনায় ঢাকা থেকে অংশগ্রহণ করেন শিল্পী সুজন মাহাবুর, বিপ্লব, হাবিব, বিপুল, হিমু, শিশির সহ পিপলস থিয়েটারের এক ঝাঁক সংস্কৃতিকর্মী। তাদের সহাযোগিতা করছে জেলা শিল্পকলা একাডেমি কক্সবাজার।