শুরু হলো ৬ষ্ঠ জাতীয় যুবনাট্য উৎসব ২০১৭
সম্ভাবনাময় আগামী প্রজন্মকে সংস্কৃতিমনষ্ক করে তোলার প্রত্যয় নিয়ে শুরু হলো ‘৬ষ্ঠ জাতীয় যুবনাট্য উৎসব ২০১৭’।
পিপল্স থিয়েটার এসোসিয়েশন (পিটিএ)-এর আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ৬ দিনব্যাপী উৎসবে সারাদেশের প্রায় ৯টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং ১৮টি যুব নাট্যদল অংশগ্রহণ করবে।
৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠানগুলো নিয়মিত অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ ৬ষ্ঠ বারের মতো আয়োজিত জাতীয় যুবনাট্য উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ ইব্রাহীম হোসেন খান, নাট্যজন আতাউর রহমান ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল জনাব আকতারুজ্জামান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিপল্স থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জনাব লিয়াকত আলী লাকী।
পিটিএভুক্ত দলগুলো জার্মানী, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, কিউবা, তুরস্ক, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৮৫টি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছে।
এবারের উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে নাট্য প্রদর্শনী শুরু হলেও ১ অক্টোবর থেকে নাটক শুরু হবে বিকেল ৫টায়। প্রতিদিন স্টুডিও থিয়েটার হল ও জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ৫টি করে নাটক প্রদর্শিত হবে।
