২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দশমীর দিন মায়ের সঙ্গে ঠাকুর বরণ করতে যেতাম’

বছর ঘুরে আবারও এলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রথম পূজার জামার মোলায়েম পরশ কিংবা পূজাবার্ষিকীর নতুন পাতাকে ঘিরে হাজারটা স্মৃতি জমা থাকে আমাদের হৃদয়ে। গ্লিটজের পাঠকদের জন্য শৈশবের  পূজার স্মৃতিচারণ করলেন কলকাতার রবীন্দ্র সংগীতশিল্পী পৌলমী গাঙ্গুলী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 07:29 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

কিছু গান আছে, শুনলেই পূজার কথা মনে পড়ে। গানগুলো বারোয়ারি পূজার প্যান্ডেলে বাজত। মনে আছে, আমি, মা ও দাদা মিলে বাবার সঙ্গে পূজার বাজার করতে যেতাম দক্ষিণপন শপিং কমপ্লেক্স কিংবা গড়িয়াহাটে। তখন শপিং কমপ্লেক্স হিসেবে দক্ষিণপনের খুব নাম ছিল। শপিং শেষে ফেরার সময় সিম্ফোনিতে ঢুকে বাবা-মা পূজার গানের ক্যাসেট কিনতেন। মা-বাবা সাধারণত রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, গজল কিংবা বাউল গানের ক্যাসেট কিনতেন। আমি আর দাদা দু’জনই সুমন, নচিকেতা ও অঞ্জন দত্তের ক্যাসেট কিনতে চাইতাম।

ষষ্ঠীর দিন বাবা বাড়ি ফেরার সময় আমার জন্য রঙিন চুড়ি কিনে আনতেন। আমার চুড়ি পরার নেশা ছিল খুব। আর নিজে নিজেই হাতে মেহেদী দিতাম। বাবা সাজগোজের জিনিসগুলো মাকে না জানিয়ে কিনে দিতেন। স্মৃতিগুলো মনে পড়লে হাসি পায়। কত না বায়না করতাম বাবার কাছে!

রাতের খাওয়া-দাওয়া শেষে ঠাকুর দেখতে বেরুতাম। দক্ষিণ কলকাতা থেকে শুরু করে উত্তর কলকাতার প্রায় সব ঠাকুর দেখতাম। দিনগুলি কত ভালো ছিল! প্রত্যেকেরই ছোটবেলায় সময় হলো সোনালী সময়। অষ্টমীর দিন শাড়ি পরে যেতাম অঞ্জলী দিতে। আহা! কী অদ্ভুত অনুভূতি। আমার বরাবরই লাল-সাদা রঙের শাড়ির প্রতি দুর্বলতা ছিল। আর পূজার দিনগুলোতে নানা ধরনের খাবার বানাতেন মা।

ছুটির পাঁচদিনের মধ্যে একদিন বন্ধুদের সঙ্গে সারারাত ঘোরাঘুরি করতাম, আড্ডা মারতাম। কোলাঘাটের দিকে লং ড্রাইভে চলে যেতাম। আর দশমীর দিন মায়ের সঙ্গে ঠাকুর বরণ করতে যেতাম। পাঠ্যবইগুলো নিয়ে ঠাকুরের পায়ে ছোঁয়াতাম।

মা বাড়িতে এসে খাবার বানাতেন। বাবা অফিস থেকে ফিরলে পরিবারের সবাই মিলে আত্মীয়-স্বজনের বাড়ি যেতাম বিজয়ার প্রণাম সারতে।

এবারের পূজায় জীবনের প্রথমবার কলকাতার বাড়ি ছেড়ে মুম্বাইয়ে আছি। দু’বছর হলো মুম্বাইয়ে বাস করছি। গতবছর পূজায় গিয়েছিলাম কলকাতায়। কিন্তু এ বছর এখানে অনেকগুলো অনুষ্ঠানের জন্য আটকে গেছি। খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য। বেচারি একা একা বসে থাকবেন বাড়িতে। অষ্টমীর দিন আমার জন্মদিন ছিল, তাই মায়ের কষ্টটা বুঝতে পারছি।