বিপাশার ডিজাইনে ‘হালদা’র পোস্টার
‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’র পর পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’র কাজ শেষ করলেন নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ। ছবিটি ডিসেম্বরে মুক্তির ঘোষণা দিয়েছেন। তার আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ছাড়া হয়েছে পোস্টার। এটি ডিজাইন করেছেন তার স্ত্রী-অভিনেত্রী বিপাশা হায়াত।
অভিনয়ের পাশাপাশি আঁকাআঁকি ও লেখালেখিতেও বেশ সরব বিপাশা হায়াত। তার আঁকা ছবি নিয়ে একাধিকবার প্রদর্শনীও হয়েছে। এবার স্বামীর চলচ্চিত্রের পোস্টার ডিজাইন করলেন তিনি।
তৌকীর আহমেদ বললেন, “দেশের বাইরের উৎসবগুলোর কথা মাথায় রেখেই পোস্টারটি করা হয়েছে। এটির বাইরে একাধিক পোস্টার রাখার পরিকল্পনা আছে।”
বাণিজ্যিক ঘরানার প্রচলিত চলচ্চিত্রের পোস্টারের বাইরে ভিন্নধাঁচের পোস্টারটি বেশ প্রশংসা কুড়িয়েছে। সহশিল্পীরাও শুভেচ্ছা জানিয়েছেন বিপাশাকে। সঙ্গে ছবিটির জন্যও শুভকামনা জানিয়েছেন নির্মাতা-কলাকুশলীরা।
সিনেমার গল্প সম্বন্ধে নির্মাতা জানিয়েছেন, হালদা নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও তীরবর্তী মানুষের জীবনযাত্রা উঠে এসেছে সিনেমায়।
আজাদ বুলবুলের গল্প থেকে ছবিটির চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই।
এতে অভিনয় করেছেন একঝাঁক তারকা - মোশাররফ করিম, জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।
