২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মঞ্চে জাবির নাটক ‘জেরা’

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নারীর প্রতি অমানবিকতার চিত্র নতুন করে মঞ্চে আনল ‘জেরা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 02:57 AM

Updated : 11 Oct 2022, 02:32 PM

মিশরীয় নাট্যকার ফরিদ কামিল রচিত ‘দ্য ইন্টারোগেশন’ নাটক অবলম্বনে এই প্রযোজনা এনেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।

শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও নাট্যতত্ত্ব বিভাগ পরিবেশিত এ নাটক। ঢাকার মঞ্চে এটিই ছিল নাটকটির প্রথম প্রদর্শনী।   

নাটকের কাহিনি আবর্তিত হয়, একাত্তরের ১৫ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে। সারা দেশে তখন কারফিউ জারি করা হয়েছে। রাতে একটি পোড়ো বাড়িতে এক নারীকে ধরে আনা হয় জেরা করার জন্য। শান্তি কমিটির সদস্য এবং পাকবাহিনী নিযুক্ত একজন বাঙালি দালাল তাকে জেরা করেন। এরপর তার উপর চালানো হয় অমানুষিক নির্যাতন। রাত কেটে যায়, আসে ভোর, আলো ফুটল। হাজারো মায়ের এমন আত্মদানে এল বাঙালির বহু কাঙ্খিত স্বাধীনতা।

নিদের্শক ইউসুফ হাসান অর্ক বলেন, “গোটা পৃথিবীজুড়ে চলমান যুদ্ধ-বিগ্রহের সময় অত্যাচার ও শোষণের নৃশংসতা এখন সমান্তরাল। সেই বিবেচনাতেই মিশরীয় এই নাটকটি রূপান্তর করা হয়েছে। প্রযোজনাশৈলীর ক্ষেত্রে বলা যায়, অভিনয়ে ইউরোপীয় বিশুদ্ধ চরিত্রাভিনয় রীতির পাশাপাশি সাজেস্টিভ মঞ্চের আবহে কিছু নাটকীয় উদ্ভাস নির্মাণের স্বাধীনতা নেওয়া হয়েছে।”

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাবিব মাসুদ, ফাহিম মালেক ইভান, রুবাইয়া জাবিন প্রিয়তা, আইনুন পুতুল প্রমুখ।