এক মঞ্চে গাইবেন সাবিনা ও বন্যা
১৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বাংলা ভাষা বিষয়ক মেধা ভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৭’য়ের চূড়ান্ত পর্ব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ আয়োজনে গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
ইস্পাহানি মির্জাপুর ও চ্যানেল আই’য়ের আয়োজনে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, বানান ও ব্যাকরণের সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে আয়োজিত হচ্ছে এ রিয়েলিটি শো। এতে ৩৫ হাজার প্রতিযোগী থেকে সর্বশেষ টিকে থাকা ৬জনকে নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানটির পরিচালক তাহের শিপন জানান, অনুষ্ঠানে থাকবে নানান চমক। থাকবে বাংলা ভাষা নিয়ে নানা রকম মজার খেলা। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। একই মঞ্চে ‘আগুনের পরশমনি’ গানটি গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, “সেরা ৬ প্রতিযোগীকে গানটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ, এই গান থেকে কিছু প্রশ্ন থাকবে তাদের জন্য। এ প্রশ্নগুলোর সঠিক উত্তর তাদের চূড়ান্ত স্থান নির্ধারণে সহায়তা করবে।”
চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম ১০ জন প্রতিযোগী পাবেন ৫০ হাজার টাকার সমমূল্যের ১টি ল্যাপটপ এবং ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বাংলা বই ও একটি করে বইয়ের আলমারি।
সেরা ৬জন প্রতিযোগি হলেন- সোয়েব আনিয়াদ খান তুর্য (পাবনা), সিরাজুল আরিফিন (খুলনা), রাইসা সালসাবিল (লক্ষীপুর), নুসরাত সায়েম (ঢাকা), প্রতীক পনতীম (সিলেট) ও সমর্পন বিশ্বাস (খুলনা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন খায়রুল বাশার।
প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথা সাহিত্যিক আনিসুল হক ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
