২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখনও লাইভ কনসার্টকে ভয় পাই’

চলতি বছর সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করলেন ‘মোজার্ট অফ মাদ্রাস’ খ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। সম্প্রতি সাক্ষাতকারে জানালেন লাইভ কনসার্ট নিয়ে ভীতির কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 09:23 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

১৯৯২ সালে ‘রোজা’ সিনেমা দিয়ে সংগীত পরিচালক হিসেবে যাত্র শুরু করেন এ আর রহমান। প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন তিনি। মনি রত্নমের এ সিনেমার জন্য  সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার ঘরে তোলেন তিনি। এরপর ‘বোম্বে’, ‘তাল’, ‘লগন’, ‘সাথিয়া’, ‘রং দে বাসন্তি’, ‘যোধা আকবর’ ইত্যাদি ছবির জন্য দর্শকপ্রিয়তার পাশাপাশি জেতেন অনেক নামী-দামী পুরস্কার। ২০০৯ সালের ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবির সুর ও সংগীতের জন্য জেতেন অস্কারও।

আইএনএসকে দেওয়া এক সাক্ষাতকারে উপমহাদেশের অন্যতম সেরা এ সংগীত পরিচালক বলেন, “দীর্ঘ ২৫ বছরে আমার জীবনে অনেক কিছুই বদলেছে কিন্তু একটি বিষয়ে এখনও কোনো পরিবর্তন ঘটেনি। সেটি হলো আমি এখনও লাইভ কনসার্টকে ভয় পাই। মঞ্চে পা রাখার আগে আমার খুবই নার্ভাস লাগে। মনে হয় হয়ত মাইক্রোফোন ঠিকভাবে কাজ করবে না, দেয়ালে প্রতিধ্বনি হবে কিংবা দর্শক হয়ত আমার পরিবেশনা পছন্দ করবে না-এ রকম নানান দুশ্চিন্তা ভর করে আমার মাথায়।”

তিনি আরও বলেন, “একক কনসার্টের চেয়ে অনেক শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টে এ ভয়টা আমার আরও বেশি করে হয়। কারণ এ ধরণের কনসার্টে অনেক রকমের দর্শক আসেন। তাদের সবার পছন্দ আলাদা।”

কদিন আগেই এক সাক্ষাতকারে এ আর রহমান জানিয়েছিলেন তাকে নিয়ে নানা সমালোচনা শোনার অভিজ্ঞতার কথা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সব সময়ই সমালোচনা শুনতে অভ্যস্ত। গঠনমূলক সমালোচনাকে আমি সাদরে্ গ্রহণ করি। কারণ এগুলো আমার ভুল-ত্রুটিগুলো শুধরে নিতে সাহায্য করে।”

৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এ সংগীত তারকার কনসার্টের গল্প ও গান নিয়ে তৈরি সংগীত অ্যালবাম ‘ওয়ান হার্ট: দ্য এ আর রাহমান কনসার্ট ফিল্ম’। কানাডিয়ান কোম্পানি ‘আইডিয়াল এন্টারটেইনমেন্ট’এর ব্যনারে প্রকাশিত এ অ্যালবামে স্থান পেয়েছে এ আর রহমানের সংগীত পরিচালনায় ‘নাইনটি নাইন সংস’, ‘লে মাস্ক’ ও ‘ওয়ান হার্ট’ সিনেমার গানগুলো। এর মধ্যে ‘ওয়ান হার্ট’ সিনেমাটি নির্মিত হয়েছে তার কনসার্টের বিভিন্ন ঘটনা নিয়ে।