ঈদের দশম দিন ‘কোরবান আলীর কোরবানী’
ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় বেসরকারি টেলিভিশনগুলো আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এটিএন বাংলার আয়োজনে ঈদের দশম দিন প্রচারিত হবে বিশেষ নাটক ‘কোরবান আলীর কোরবানী’। নাট্যরূপ মমর রুবেলের, চিত্রনাট্য ও পরিচালনায় মনির হোসেন জীবন। চিত্রগ্রহণ করেছেন সোহেল তালুকদার।
হাস্যরসাত্মক নাটকের গল্পে দেখা যাবে- দারিদ্রের সাথে পাল্লা দিয়ে ঈদের আনন্দ বা খুশির কোনোকিছুর কাছেই কোনোদিন ঘেঁষতে পারেনি কোরবান আলী তবে এবারের ঈদটা তার জীবনে খুশি হয়েই আসছে। গতবছর স্ত্রী ফুলজানের গলার হার বিক্রি করে পনেরো হাজার টাকা দিয়ে একটি ষাঁড় বাছুর কিনেছিলো কোরবান আলী। স্বামী স্ত্রী মিলে নিজের পুত্র স্নেহে বড় করে তুলেছে ষাঁড় বাছুরটিকে।
আশেপাশের চার-পাঁচ গ্রামের মধ্যে এতো বড়, এতো সুন্দর ষাঁড় আর একটাও নেই। লোকজনকে বলাবলি করতে শোনা যায়, কোরবানীর হাটে তুললেই লাখপতি বনে যাবে কোরবান আলী। কোরবান আলী অভাব ঘুচবে। এতো দিনের লালিত স্বপ্নগুলো একে একে পূরণ হবে। এবার সত্যিই ঈদ আসছে কোরবান আলী ও ফুলজানের দাম্পত্য জীবনে। কোরবান আলীর ষাঁড়টি কিনবার ক্ষমতা কয়েক গ্রামের মধ্যে শুধু একজনেরই আছে।
প্রযুক্তির সুবিধা গ্রামে পৌঁছে গেছে অনেক আগেই। আদুরী বেগম নিয়মিত ফেইসবুক মেইনটেইন করা মহিলা। ফেইসবুকের কল্যাণেই জেনেছে কোরবানীর ঈদের মজাই হচ্ছে হাটে গিয়ে কোরবানীর গরু কিনাতে।
এতোদিন সে নির্বোধের মতো এই মজা থেকে বঞ্চিত হয়েছে, আর না। এইবার কোরবানীর হাটে গিয়ে নিজে গরু পছন্দ করে, গরুর সাথে সেলফি তুলে ফেইসবুকের মাধ্যমে বন্ধুদের মতামত নিয়ে, গরু কিনে বাড়ি ফিরবে। এইভাবে এগিয়ে যায় ‘কোরবান আলীর কোরবানী’র কাহিনি।
নির্মাতা মনির হোসেন জীবন বলেন, এটিএন বাংলা এবার রেকর্ডপরিমান অনুষ্ঠান আয়োজন করেছে। মুসলিম রীতি-নীতি ঐতিহ্যের অন্যতম উৎসব এই ঈদ উল আযহা। কোরবানীর মাহাত্ম ফুটে উঠেছে নাটকটির গল্পে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মীর সাব্বির, বাবুল আহমেদ, তারিক স্বপন, অহনা সহ আরো অনেকে।
নাটকটি ঈদ-উল আযহায় এটিএন বাংলা’র বিশেষ অনুষ্ঠান মালায় ১০ই সেপ্টেম্বর রবিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
