বাংলাদেশে সিনেমা হলে ‘পোস্ত’
বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টালিগঞ্জের চলচ্চিত্র ‘পোস্ত’।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবিটি আগামী মাসেই আমদানী করা হবে বলে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।
ছবিটি আমদানি করছেন খান ব্রাদার্স। ইফতেখার উদ্দিন নওশাদ গ্লিটজকে বললেন, “ছবিটি চলতি মাসের শেষের দিকেই মুক্তি পাবে।”
তবে ‘পোস্ত’র বিপরীতে বাংলাদেশি কোন সিনেমাটি ভারতে যাচ্ছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি নওশাদ।
ছবিটি ভারতে মুক্তি পেয়েছে চলতি বছরের ১২ মে। ভারতের বাইরেও দারুণ ব্যবসা করেছে ছবিটি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ও পরাণ বন্দ্যোপাধ্যায়।
প্রযোজনা করেছে উইন্ডোজ।
