তৌকীরের পরিচালনায় সিয়াম-মারিয়ার ‘দাম্পত্য’
‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’-তে থাকছে সাতটি নাটক। এর মধ্যে ‘দাম্পত্য’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন মারিয়া নূর ও সিয়াম আহমেদ।
প্রেম করে বিয়ে করেন শাহেদ-তানিয়া। দু’জনই চাকরি করে। চাকরিতে তানিয়ার দ্রুত প্রমোশন পাওয়াকে কেন্দ্র করে দু’জনের সংসারে দূরত্ব বাড়তে থাকে। শাহেদ ভাবে, তানিয়ার সঙ্গে বসের সম্পর্কটা কেমন?
এমন নানা চিন্তায় সংসারে চরম অশান্তি নেমে আসে। মাঝে সংসারে হাজির হন শাহেদের মা। শুরু হয় বউ-শ্বাশুড়ির নতুন দ্বন্দ্ব। এমন গল্পেই নির্মিত হয়েছে ‘দাম্পত্য’।
প্রায় একবছর পর কোনো নাটকে অভিনয় করলেন মারিয়া নূর। গ্লিটজকে বললেন, “তৌকীর ভাইয়ের কারণেই নাটকটি করেছি। এতদিন উনাকে অ্যাক্টর হিসেবে পর্দায় দেখেছি। আর ডিরেক্টর হিসেবে উনার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা দারুণ। প্রত্যেকটা সিনের আগে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ফলে একবছর পর কাজ করলেও কাজটা খুব বেশি কঠিন মনে হয়নি।”
নাটকটি প্রযোজনা করছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট। আরটিভিতে ঈদের সাত দিন রাত ১০টায় প্রচার হবে ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’র সাতটি নাটক।
