২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ান্ডার ওম্যান’ নারীবাদকে প্রতিষ্ঠিত করেনি: জেমস ক্যামেরন

চলতি বছরের শীর্ষ আয়ের সুপারহিরো সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান’। নারী নির্মাতা প্যাটি জেনকিন্সের এ সিনেমাটিকে হলিউডের ইতিহাসে সফলতম ‘নারী সুপারহিরো’ সিনেমা হিসেবে উল্লেখ করা হয়ে থাকলেও একে ‘অনগ্রসর’ চিন্তার সিনেমা বলে মন্তব্য করলেন ‘অ্যাভাটার’ পরিচালক জেমস ক্যামেরন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 10:11 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

‘ব্যাটম্যান’, ‘স্পাইডার ম্যান’ ও ‘সুপারম্যান’সহ জনপ্রিয় প্রায় সব সুপারহিরো চরিত্রেগুলোই পুরুষ। স্বাভাবিকভাবে সুপারহিরো সিনেমাগুলোতে তাই পুরুষ চরিত্রের জয়জয়কার। এই বিষয়টিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ‘ওয়ান্ডার ওম্যান’ নির্মাণে এগিয়ে আসেন নারী নির্মাতা প্যাটি জেনকিন্স।

ডিসি কমিক্স ‘ওয়ান্ডার ওম্যান’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় প্রধান চরিত্র ডায়ানা প্রিন্সের ভূমিকায় বাজিমাৎ করেছেন মিস ইসরাইল গ্যাল গ্যাডট। মুক্তির পর ৮০ কোটি মার্কিন ডলার ঘরে তুলে চলতি বছরের এ যাবৎকালীন শীর্ষ আয়ের সিনেমা হিসেবে বক্সঅফিসে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

‘অ্যাভাটার’, ‘টার্মিনেটর’য়ের মতো সাড়াজাগানো বৈজ্ঞানিক কাহিনি নির্ভর সিনেমার কল্যাণে এরই মধ্যে অস্কারসহ নামী-দামী সব পুরস্কার ঘরে তুলেছেন পরিচালক জেমস ক্যামেরন।

সম্প্রতি দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “সবাই ‘ওয়ান্ডার ওম্যান’কে সফল ‘নারী সুপারহিরো’ সিনেমা হিসেবে স্বাগত জানালেও আমার কাছে একে অত্যন্ত অনগ্রসর ও অনারীবাদী চিন্তার একটি সিনেমা বলে মনে হয়েছে। ‘ওয়ান্ডার ওম্যান’ একটি ‘অবজেক্টিফাইড’ চরিত্র। এটি কোনোভাবেই নারীবাদকে প্রতিষ্ঠিত করতে পারেনি।”

তিনি আরও বলেন, “এতোদিন হলিউডের সুপারহিরো সিনেমায় যেমন পুরুষতান্ত্রিক অধিপত্য দেখা গেছে, ‘ওয়ান্ডার ওম্যান’ ঠিক তেমনভাবেই নারীবাদী অধিপত্য বিস্তার করেছে। নতুন কিছু তারা করতে পারেনি।”

এ সময় ‘দ্য টার্মিনেটর’ ও ‘টার্মিনেটর টু’য়ের সারাহ কনর’কে একটি আদর্শ নারী সুপারহিরো চরিত্র বলে উল্লেখ করেন তিনি বলেন, “সারাহ কনর এমন একটি নারী চরিত্র যে কিনা একই সঙ্গে একজন মা ও ক্ষমতাবান সুপারহিরো। এমন চরিত্র দর্শকের সম্মান কাড়তে পারে।”

ক্যামেরনের এ মন্তব্য নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই তার এ মন্তব্যকে ‘পুরুষতান্ত্রিক নারীবাদ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। অনেকে আবার বলছেন, ‘ওয়ান্ডার ওম্যান’য়ের মতো দর্শকপ্রিয় হতে পারেনি ক্যামেরনের ‘টার্মিনেটর: দ্য সারাহ কনর ক্রনিক্যালস’এর সারাহ কনর চরিত্রটি। এ কারণেই ঈর্ষান্বিত হয়ে এ মন্তব্য করেছেন তিনি।

এ মুহূর্তে ‘অ্যাভাটর’য়ের ৪টি সিকুয়াল নির্মানে ব্যস্ত রয়েছেন জেমস ক্যামেরন। ২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে  ‘অ্যাভাটর’য়ের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার টু’য়ের।