২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ‘মার্ফি ব্রাউন’ তারকা জে থমাস

২৪ অগাস্ট না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কৌতুক অভিনেতা জে থমাস। ৬৯ বছর বয়সে মরণব্যাধি ক্যানসারে ভুগে চলে গেলেন ছোটপর্দার এ জনপ্রিয় তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 09:02 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

১৯৪৮ সালে ১২ জুলাই জন্ম জে থমাস-এর। প্রথম জীবনে ছিলেন রেডিও অনুষ্ঠান উপস্থাপক। পরবর্তীতে ‘মর্ক অ্যান্ড মিন্ডি’, ‘চিয়ার্স’ ও ‘মার্ফি ব্রাউন’এর মতো সাড়াজাগানো টিভি অনুষ্ঠান দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মার্কিন টিভি চ্যানেল সিবিএস’এর সাড়া জাগানো কৌতুক অনুষ্ঠান ‘মার্ফি ব্রাউন’এর জেরি গোল্ড চরিত্রের জন্য আজও সবাই স্মরণ করেন জে থমাসকে। এছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘কিলিং মিস্টার গ্রিফিন’, ‘হারকিউলিস’ সহ একাধিক সাড়াজাগানো টিভি সিরিজে দেখা গেছে তাকে।

হলিউড রিপোর্টাস জানায়, গণমাধ্যমকে জে থমাসের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র টম এস্টেই। মৃত্যুর সময় ও কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও মরণব্যাধি ক্যানসারের কাছে পরাজিত হয়েই চলে গেলেন এ জনপ্রিয় টিভি তারকা- এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম। মৃত্যুকালে স্ত্রী স্যালি মিশেলসন ও তিন সন্তান জে.টি হার্ডিং, জ্যাকব ও স্যামুয়েলকে রেখে গেছেন তিনি।

সর্বশেষ ২০১৩ সালে অপরাধ বিষয়ক ধারাবাহিক টিভি অনুষ্ঠান ‘রে ডোনোভান’এ দেখা গেছে তাকে।