মিশন ইম্পসিবল-এর সেটে আহত টম ক্রুজ
নিজের পরবর্তী অ্যাকশন সিনেমা ‘মিশন ইম্পসিবল সিক্স’-এর শুটিঙে আহত হয়েছেন মার্কিন অভিনেতা টম ক্রুজ।
‘মিশন ইম্পসিবল’ সিরিজের প্রতিটি সিনেমায় দুঃসাহসিক সব অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য খ্যাতি রয়েছে টম ক্রুজের। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার দেয়াল বেয়ে ওঠা ও ফাইটার প্লেনের দরজা থেকে লাফ দেওয়ার দৃশ্যে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি।
সাধারণত এইসব দৃশ্যে কোনো বডি ডাবল ব্যবহার না করে নিজেই অভিনয় করে থাকেন ক্রুজ। এবারও এক ভবনের ছাদ থেকে আরেক ভবনের ছাদে লাফানোর দৃশ্যে নিজেই অভিনয় করতে গিয়েছিলেন তিনি। কিন্তু এবারে লাফাতে গিয়ে পড়ে যান তিনি।
সেলিব্রেটি ওয়েবসাইট টিএমজি বলছে, পড়ে গিয়ে ব্যথা পাওয়ার পর হামাগুড়ি দিয়ে ভবনের গেইটে পৌঁছান ক্রুজ। সেখান থেকে উদ্ধারকর্মীদের দল এসে তাকে হাসপাতালে পৌঁছে দেয়।
‘মিশন ইম্পসিবল’-এর ষষ্ঠ সংস্করণের পরিচালকের আসনে বসছেন ক্রিস্টোফার ম্যাককুইন। এই পরিচালকের হাতেই এই সিরিজের সর্বশেষ সিনেমা ‘রৌগ নেইশন’ জনপ্রিয়তা পেয়েছিল।
এবারের সিনেমায় ক্রুজ ছাড়াও থাকবেন হেনরি ক্যাভিল, রেবেকা ফার্গুসন, অ্যাঞ্জেলা বেসেট ও অ্যালেক বল্ডউইন। ২০১৮’র ২৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।
‘মিশন ইম্পসিবল’ ছাড়াও এই তারকার হাতে রয়েছে তার অভিনীত নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা ‘টপ গান’-এর সিকুয়েলের কাজ। ২০১৯ সালে এই সিনেমার মুক্তির কথা রয়েছে।
