২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন শোভা সেন

পশ্চিমবঙ্গের খ্যাতনামা থিয়েটার অভিনেত্রী ও বামপন্থী অধিকারকর্মী শোভা সেন আর নেই। ৯৩ বছর বয়সী এই অভিনেত্রী রোববার সকালে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 07:03 PM

Updated : 11 Oct 2022, 02:23 PM

প্রখ্যাত অভিনেতা উৎপল দত্তের স্ত্রী শোভা সেন-এর জন্ম বাংলাদেশের ফরিদপুরে। বেথুন কলেজ থেকে পাস করার পর প্রথম স্বামী দেবপ্রসাদ সেনের সঙ্গে বিয়ের পরপর গণনাট্য সংঘের সঙ্গে পরিচিত হন তিনি। এই নাট্যদলের ‘নবান্ন’ নাটক দিয়েই থিয়েটারে অভিষেক ঘটে তার।

পঞ্চাশের দশকের মাঝামাঝিতে তিনি যোগদান করেন লিটল থিয়েটার গ্রুপে, যা পরবর্তীতে পিপলস থিয়েটার গ্রুপে পরিণত হয়। পিটিজির মূল চালিকাশক্তি হিসেবে তিনি অভিনয় করেছেন ‘ব্যারিকেড’, ‘টিনের তলোয়ার’, ‘তিতুমির’ মতো সাড়াজাগানো সব নাটকে। বছর পাঁচেক আগেও এই নাট্যদলের হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন।

নিমাই ঘোষের ‘ছিন্নমূল’-এর মাধ্যমে বড়পর্দায় প্রবেশ করেন তিনি। এরপর ‘সবার উপরে’, ‘পথে হলো দেরী’, ‘শঙ্খবেলা’র মতো সিুপারহিট বাংলা সিনেমায় দেখা গেছে তাকে। ঋত্বিক ঘটকের ‘ঝড়’, ‘নাগরিক’, মৃণাল সেনের ‘একদিন প্রতিদিন’, ‘এক অধুরি কাহানি’, গৌতম ঘোষের ‘দেখা’, বাসুদেব চ্যাটার্জীর ‘পসন্দ আপনি আপনি’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৫২ সালের হিন্দি সিনেমা ‘বাবলা’ তাকে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়।

শোভা সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট পোস্টে তিনি লিখেছেন, “শোভা সেনের মতো শিল্পীর অন্তর্ধানের খবর শুনে শোকাহত হয়েছি। তার পরিবারের প্রতি সমবেদনা।”

অভিনয়ের পাশাপাশি বামপন্থী রাজনীতিতেও তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ ছিল শোভা সেনের। চার-পাঁচ বছর আগে অশক্ত শরীরেও তাঁকে নিয়মিত আলিমুদ্দিন স্ট্রিটে দেখা গিয়েছে। গণনাট্য সঙ্ঘের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এই সংগঠনে শোভা সেনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছেল। তার মৃত্যুতে টুইটারে শোকজ্ঞাপন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।