২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওশাদের সঙ্গে সমঝোতায় চলচ্চিত্র ঐক্যজোট

ইফতেখার উদ্দিন নওশাদের উপর হামলার জেরে চলচ্চিত্র প্রদর্শক সমিতি-চলচ্চিত্র ঐক্যজোটের মধ্যকার দ্বন্দ্বের অবসান হলো গতকাল (১২ আগস্ট)। বিভেদ ভুলে একসঙ্গে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উভয় পক্ষের নেতারা। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2017, 05:54 PM

Updated : 12 Apr 2022, 12:07 AM

সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুকের মধ্যস্থতায় আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সদস্য সচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি রিয়াজ, প্রযোজক খোরশেদ আলম খসরু, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ,  চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস ও সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন।

চিত্রনায়ক ফারুক গ্লিটজকে জানালেন, “নওশাদকে ডেকে বলেছি, তোমার ছোটভাই যদি কোনো ভুল করে থাকে তাহলে বড়ভাই হিসেবে  ক্ষমা করা উচিত। খুব বিনয়ের সঙ্গে আমার কথাকে গ্রহণ করেছে। ও  টু শব্দটিও করেনি। ওকে ধন্যবাদ দিই আমি।”

তিনি আরো বললেন, “এখন আমাদের পরিকল্পনা করতে হবে কীভাবে ভালো সিনেমা করা যায়। সবচেয়ে বড় কথা হলো ভালো সিনেমা বানাতে হবে। আমরা অবশ্যই জয়েন্ট ভেঞ্চারের সিনেমা করবো। সেটা নিয়ম মেনেই করবো।”

নওশাদ গ্লিটজকে জানালেন, “আমার ওপর হামলার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন। চলচ্চিত্রের স্বার্থে দ্বন্দ্বের অবসান ঘটিয়েছি । আমি নিজেদের মধ্যে বিরোধ রাখতে চাই না। চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে দ্বন্দ্বের অবসান আমিও চাই। সবাই মিলেমিশে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই। রিয়াজ, মিশা, খোকন, খসরুর ব্যাপারে শিগগিরিই আমাদের সিদ্ধান্ত জানাবো।”

উল্লেখ্য, ২১ জুন সেন্সরবার্ডের সামনে হল মালিক নেতা নওশাদের উপর হামলা চালানো হয়। একই দিন দুপুরে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অনিয়ম বন্ধে সেন্সরবোর্ড ঘেরাও কর্মসূচি নিয়েছিলো মিশা সওদাগর, রিয়াজ, সাইমন, বদিউল আলম খোকন, তানিন, খোরশেদ আলম খসরুসহ চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা। তার উপর হামলার অভিযোগ তুলে রিয়াজ, মিশা, প্রযোজক খসরু ও পরিচালক খোকনকে বয়কট করেছিলো চলচ্চিত্র প্রদর্শক সমিতি।