বনসালি’র নায়িকা হিসেবে উপযুক্ত নন কাজল?
চলতি বছর অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী কাজল। বণার্ঢ্য অভিনয় ক্যারিয়ারে খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কাজ না করা প্রসঙ্গে বললেন কাজল।
৫ আগস্ট ৪৩ বছরে পা রাখলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ১৯৯২ সালে ‘বেখুদী’ সিনেমার ম্যাধমে বলিউডে প্রবেশ করেন তিনি। এরপর ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডুপ্লিকেট’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘ফানা’ সহ অসংখ্য সাড়াজাগানো সিনেমায় দেখা গেছে তাকে। সর্বশেষ শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’ সিনেমায় বাজিমাৎ করেছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি জন্মদিন ও অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফেইসবুক লাইভে আসেন কাজল। এ সময় অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে ভক্তদের প্রশ্নের জবাব দেন ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী।
এ সময় কাজলকে এক ভক্ত প্রশ্ন করেন, কখনো সঞ্জয়লীলা বনসালির সঙ্গে কাজ করার সুযোগ পেলে করবেন কিনা?
জবাবে কাজল বলেন, “অবশ্যই। তবে এখানে দুইটি বিষয় কাজ করবে। প্রথমত, যদি সে সময় কাজটি করার জন্য আমার মন আমাকে সায় দেয়। দ্বিতীয়ত, যদি নিজেকে বনসালি’র নায়িকা হিসেবে উপযুক্ত বলে মনে হয়।”
কাজলের বক্তব্যের পর স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে- তবে কি নিজেকে সঞ্জয় লীলা বনসালির নায়িকা হিসেবে উপযুক্ত মনে করেন না কাজল? এ প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন তারা- এমনটাই আশা কাজলভক্তদের।
১১ আগস্ট মুক্তি পাচ্ছে কাজলের নতুন সিনেমা ‘ভিআইপি-টু’। তামিল অভিনেতা ধানুশের বিপরীতে এ ছবিতে একটি গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে তাকে। ১৯৯৭ সালের ‘মিনসারা কানাভু’র পর এটি কাজলের দ্বিতীয় তামিল সিনেমা।
