ফেরার লড়াইয়ে শাবনূর
বিয়ের পরপরই অস্ট্রেলিয়ায় থিতু হয়েছিলেন চলচ্চিত্র পুরস্কাজয়ী অভিনেত্রী শাবনূর। সন্তান হওয়ার পর বেশ খানিকটা মুটিয়ে গিয়েছিলেন। মাঝে দেশে ফিরে মজা করে বলেছিলেন, “দাওয়াত খেতে খেতে মুটিয়ে গেছি!” মুটিয়ে যাওয়া শাবনূর এবার মেদ ঝেড়ে ফিরেছেন শূন্য দশকের সেই শাবনূর হয়ে।
শাবনূর-অনিক দম্পতির একমাত্র পুত্র আইজান নিহান। নিহানকে ঘিরেই দু’জনের যতো ব্যস্ততা। মা হওয়ার পর পুত্রকে নিজের মতো করে মানুষ করতেই অভিনয়কে সাময়িকভাবে ‘না’ করে দিয়েছিলেন শাবনূর।
হামাগুড়ি দিতে দিতে পুত্র আজ নিজের পায়ে হাঁটতে শিখেছে। বয়স চারের চৌকাঠ পেরিয়েছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে মা’র হাত ধরে স্কুলেও যায়। সিডনী ইন্টারন্যাশনাল স্কুলের চাইল্ড কেয়ারে পড়ছে। পুত্রকে নিয়ে আপাতত চিন্তা নেই তার।
এবার নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী হওয়ার পরিকল্পনা করেছেন। গতবছরের শুরু থেকেই ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পুত্র, স্বামী-সংসার দেখভালের পাশাপাশি নিজেরও শরীরটাকে ফিট রাখার চেষ্টা করছিলেন।
তার স্বামী অনিক গ্লিটজকে জানালেন, “বছরখানেক ধরে ফিটনেস নিয়ে বেশ সচেতন সে। নিয়মিত জিম করছে। রোজ সকালে কমপক্ষে ৩০-৪৫ মিনিট জিমে ব্যয় করছে। অস্ট্রেলিয়ায় তার জন্য তো আলাদা ট্রেইনার রেখেছিলাম। দেশে ফেরার পরও একজন ট্রেইনার রাখা হয়েছে। আমিও মাঝে মধ্যে ওর সঙ্গে জিমে যাই। একসঙ্গে জিম করাটা বেশ উপভোগ্য।”
এবছরের আপ্রাণ চেষ্টাটা ব্যর্থ হয়নি শাবনূরের। যার কয়েক ঝলক দেখা মিলেছিল, সম্প্রতি তোলা কিছু ছবিতে। কে বলবে, এই সেই মুটিয়ে যাওয়া শাবনূর! ‘নায়িকা’ হয়েই ফিরেছেন তিনি। এখন শুধু অপেক্ষা ক্যামেরার সামনে দাঁড়ানোর। অনিকের ভাষায়, “বড়পর্দায় ফেরার জন্য মুখিয়ে আছেন শাবনূর।”
পরিচালকরাও হুড়মুড়িয়ে পড়ছেন শাবনূরের বাসায়। কিন্তু যুৎসই চরিত্র আর গল্প পাচ্ছে না রাজি হচ্ছেন না। গড়পড়তা সিনেমায় কাজের পক্ষপাতি কখনোই ছিলেন না তিনি।
অনিকের ভাষ্যে, “তাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রে অভিনয়ে বেশি আগ্রহী। সূচরিতা ম্যাডামকে এক্ষেত্রে ফলো করছে। তিনি যেমনটা বেছে বেছে কাজ করছেন, শাবনূরও ভালো গল্পের অপেক্ষায় আছেন।”
এতে চিত্রনায়ক ফেরদৌসের অভিনয় করার কথা আছে। আপাতত অস্ট্রেলিয়ায় ফিরছেন না তিনি। বছরটা দেশেই কাটাবেন। সঙ্গে কাজেও নিয়মিত হবেন।
পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হন এই নায়িকা। সালমান শাহর সঙ্গে তার জুটি বেঁধে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। ১৯৯৪ সালে এ জুটির প্রথম ছবি ‘তুমি আমার’ মুক্তি পায়।
পরবর্তীতে ১৯৯৫ সালে ‘স্বপ্নের ঠিকানা’, ১৯৯৬ সালে ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ১৯৯৭ সালে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ দর্শকপ্রিয়তা পায়।
সালমানের মৃত্যুর পর ওমর সানী, আমিন খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও সাড়া ফেলতে পারেননি। তবে রিয়াজের সঙ্গে জুটি বেঁধে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন তিনি। জুটির ‘মন মানে না’, ‘তুমি শুধু তুমি’, ‘ভালোবাসি তোমাকে’ ও ‘বুক ভরা ভালোবাসা’র মতো আলোচিত সিনেমায় দেখা গেছে।
পাশাপাশি ফেরদৌস, মান্না, শাকিব খানের বিপরীতেও উল্লেখ করার মতো বেশ ক’টি সিনেমায় অভিনয় করেছেন।
২০১১ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বাস করছিলেন।
