থানায় ‘জিডি’, পরম বললেন ‘ভুল বোঝাবুঝি’
নিয়ম না মেনে বাংলাদেশি নাটকে অভিনয়ের অভিযোগে ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন টিভিকেন্দ্রিক ১৩টি সংগঠনের জোট ‘এফটিপিও’-এর সদস্য সচিব গাজী রাকায়েত। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং পরম।
দেশের বড়পর্দায় সরব হওয়ার পর এবার ছোটপর্দার দিকে মনোযোগী পরম। ছোটপর্দায় আসছেন তিনি ফেলুদা হয়ে। এমন খবরে রীতিমতো ঝড় উঠেছে বদ্বীপে। বিদেশী সিরিয়াল প্রচারের বিরোধীতায় থমকে থাকা আন্দোলনকে ফের স্মরণে ফিরিয়ে আনলেন ‘এফটিপিও’র সদস্য সচিব গাজী রাকায়েত। বিনা অনুমতিতে কাজের অভিযোগ এনে জিডি করে বসলেন পরমব্রতর বিরুদ্ধে।
২ আগস্ট দুপুরে দায়ের করা ডায়েরিতে গাজী রাকায়েতের অভিযোগ, “কয়েকবছর ধরেই বিদেশি শিল্পীরা পর্যটন ভিসায় কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে বাংলাদেশের টেলিভিশন মাধ্যমে শুটিংসহ নানাবিধ কারিগরি বিষয়ে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাদের সহযোগিতা করছে কিছু অসাধু ব্যবসায়ী। এখানে ক্যান্ডি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান ভারতীয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে দিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে কাহিনিচিত্র নির্মাণ করছে।”
তিনি আরও বলেন, “বৈধতা নিয়ে আমি তো অতটা সচেতন নই। তবে মনে হয় আমরা আমাদের তরফ থেকে যে পর্যায়ে যে অনুমতি নেয়ার কথা, সব ক’টি ধাপ পেরিয়েছি। আমি মনে করি একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেটা কেটেও যাবে।”
যদিও অভিযুক্ত প্রযোজনা প্রতিষ্ঠান ক্যান্ডি প্রোডাকশনের প্রধান শাহরিয়ার শাকিল বিষয়টি অস্বীকার করে গ্লিটজকে জানান, “সরকারি কাগজপত্র পাওয়ার জন্য গত ১২ জুলাই আমরা তথ্যমন্ত্রণালয়ে আবেদন করেছি। সপ্তাহখানেকের মধ্যেই অফিসিয়াল কাগজ পাবো। কাগজ পাওয়ার আগে আমরা তো শুটিং করিনি। যে ছবিগুলো গণমাধ্যমে এসেছে সেগুলো নাটকের শুটিংয়ের না, প্রোমোর শুটিং। কিছুদিন পর প্রেস কনফারেন্সে সেগুলো দেখানো হবে।”
এদিকে, বাংলাদেশে টানা তেরোদিনের সফর শেষে গতকাল কলকাতা ফিরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
