আমি বাঁচতে চাই : আবদুল জব্বার
সংগীতশিল্পী আবদুল জব্বারের দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন তিনি। শুক্রবার (৪ আগস্ট) বিকেল পাঁচটায় গ্লিটজের সঙ্গে কথা হয়েছে তাঁর। জানিয়েছেন, “আমি বাঁচতে চাই।
মাসতিনেক ধরে হাসপাতালের বিছানায় বন্দি আবদুল জব্বার। কিডনির পাশাপাশি হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় ভুগছেন। বুধবার (১ আগষ্ট) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা বলেছেন, তাঁর ম্যাসিভ রেইনাল ফেইলিউর (কিডনি পুরোপুরি অকার্যকর) হয়েছে। দ্রুত দু’টি কিডনিই পরিবর্তন করতে হবে।
দিন দশেক আগে পরিচিতদের ঠিকঠাকভাবে চিনতে পারছিলেন না তিনি। সে তুলনায় আজ থেকে তার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। পরিবারের সদস্যদের চিনতে পারছেন। কথাও বলছেন সবার সঙ্গে।
আবদুল জব্বার গ্লিটজকে জানালেন, “আমি বাঁচতে চাই। বাইরে আমার চিকিৎসা করানো হোক। দ্রুত আমাকে বিদেশে নিয়ে যান।”
বেশ ক’দিন ধরেই ডায়ালাইসিসের উপর ছিলেন তিনি। চিকিৎসা বাবদ প্রচুর টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন তার পুত্র বাবু জব্বার। সেকারণে আর্থিক সংকটে ভুগছে পরিবার। এই অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছেন তারা।
বাবু বললেন, “একটা ইঞ্জেকশনের দাম ১২ হাজার টাকা। প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন দিতে হয়। বাইরে নিলে বাবা সুস্থ হবেন। কিন্তু আর্থিক সংকটে বাবাকে বিদেশে নিতে পারছি না।”
‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন।
