‘শার্ট-প্যান্ট’ পরায় ভারতীয় সেন্সর বোর্ডে অপমানিত নারী প্রযোজক
‘উড়তা পাঞ্জাব’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র পর এবারে সেন্সর বোর্ডের তোপের মুখে পড়েছে কুশান নন্দী পরিচালিত ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমাটি। সম্প্রতি সংবাদ সম্মেলনে ভারতীয় সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার কথা বললেন এ সিনেমার প্রযোজক কিরণ শ্যাম শ্রফ।
‘অডিও পর্নোগ্রাফী’ অ্যাখা দিয়ে কদিন আগেই ভারতে নিষিদ্ধ করা হয়েছিলা অলঙ্কৃতা শ্রীবাস্তবের ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’। এ ছাড়াও সেন্সর জটিলতার শিকার হয়েছিলো আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’। সম্প্রতি সেন্সর বোর্ডে আটকে গেছে নওয়াজউদ্দিন সিদ্দীকি ও বিদিতা বাগ অভিনীত ‘বাবুমশাই বন্দুকবাজ’ও।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সেন্সর বোর্ড সদস্যদের আচরণে ক্ষুব্ধ হয়ে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে ‘বাবুমশাই বন্দুকবাজ’ দল ও ইন্ডিয়ান টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ)। সম্মেলনে এ ছবির কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন অলঙ্কৃতা শ্রীবাস্তব, বিক্রমাদিত্য মোটওয়ানে, অভিষেক চৌবে সহ একাধিক স্বনামধন্য ভারতীয় পরিচালক।
সংবাদ সম্মেলন ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার প্রযোজক কিরণ শ্যাম শ্রফ বলেন, “ ‘বাবুমশাই বন্দুকবাজ’কে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার কথা আমাদের জানানো হয়। সেই সঙ্গে এ ছবির অনেকগুলো দৃশ্য কেটে ফেলার হুকুম দেয়া হয়। আমার প্রশ্ন এটা যদি প্রাপ্তবয়স্তদের ছবিই হবে তাহলে এতগুলো দৃশ্য বাদ দিতে হবে কেন?”
সেন্সর বোর্ডের সদস্যদের কাছে অপমানিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সেন্সর বোর্ডের এক নারী সদস্য আমাকে প্রশ্ন করেন, ‘আপনি নারী হয়ে এমন একটি সিনেমা কিভাবে বানালেন?’ উত্তর দেওয়ার আগেই বোর্ডের এক পুরুষ সদস্য মন্তব্য করেন, ‘ও তো নারী নয়, দেখছো না ‘শার্ট-প্যান্ট’ পরে আছে।’- এ ধরণের ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে আমাকে।”
চুম্বনদৃশ্য সহ প্রায় ৪৮টি দৃশ্য কর্তন করে ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমাটি ২৫ আগস্ট হলে মুক্তি দেওয়ার পক্ষে মত দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত এ সিনেমাটি ভারতের উত্তর প্রদেশের এক শ্যুটারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে।
