পঁচাত্তরে প্রচ্ছদ সুন্দরী দিলারা জামান
ভিন্নরূপে ম্যাগাজিনের প্রচ্ছদে হাজির হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গুণী অভিনেত্রী দিলারা জামান। লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র আগস্ট সংখ্যায় প্রকাশিত তার ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে।
ফ্যাশন হাউস ওয়ারা-র লং কামিজ, ফারজানা শাকিলের মেকাপ, কানে কুন্দনের বড় ঝোলা দুল, সঙ্গে খোলা চুল আর গাঢ় লিপস্টিকে রাজকীয় ভঙ্গিমায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। গত ১৫ জুলাই বনানীতে ফটোশুট করেছেন।ফটোশুটের ধারণা এবং নির্দেশনা গৌতম সাহা’র । ছবিটি তুলেছেন আবির হোসাইন নোমান।
ফটোশুটের সময় খানিকটা দ্বিধায় ছিলেন দিলারা জামান। গ্লিটজকে জানালেন, “খুব সংকোচ লাগছিল। আমি যে ধরনের শাড়ি আর জামা পরি-এগুলো তার থেকে অনেক আলাদা। আর আমার বয়স ৭৫ হয়েছে!এধরনের সাজে কেমন লাগবে ঠিক বুঝতে পারছিলাম না।”
তবে ছবিটি প্রকাশের পরপরই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
গ্লিটজকে বললেন, “ভাবিইনি ছবিটি প্রচ্ছদে যাবে। ভেবেছিলাম ম্যাগাজিনের ভেতরে ছাপা হবে। কিন্তু ছবিটি প্রকাশের পর থেকেই প্রচুর ফোন পাচ্ছি। প্রশংসা করছে অনেকে।”
ছবি: আইস টুডে-র ফেইসবুক পেইজ থেকে নেওয়া
আইস টুডে’র আগস্টের ‘ওয়ার্ক অফ আর্ট’ সংখ্যাটি সাজানো হয়েছে দিলারা জামান, সারা যাকের, শম্পা রেজা, শামীম খান, শারমিন লাকীকে নিয়ে।
১৯৬৬ সালে ছোটপর্দায় অভিষেক হয় তার। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০-এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
