২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুশকাকে কাজলের সঙ্গে তুলনা করলেন শাহরুখ

‘যব হ্যারি মেট সেজাল’ সিনেমার মাধ্যমে তৃতীয়বার পর্দা মাতাতে চলেছে শাহরুখ-আনুশকা জুটি। জনপ্রিয় এ জুটির পর্দা রসায়ন দর্শককে মনে করিয়ে দেয় এক সময়ের সাড়াজাগানো শাহরুখ-কাজল জুটির কথা। এবার শাহরুখ খানের বক্তব্যে পাওয়া গেলো তেমনই আভাস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 09:22 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে শুরু করে সর্বশেষ ২০১৫’র ‘দিলওয়ালে’ সিনেমায় প্রশংসতি হয়েছে শাহরুখ-কাজল জুটি। অন্যদিকে ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধা শাহরুখ-আনুশকাকে ‘যব হ্যারি মেট সেজাল’এ তৃতীয়বারের মতো পর্দায় দেখতে যাচ্ছে দর্শক। কাজল ও আনুশকা দুজনের বিপরীতেই প্রেমিক হিসেবে পর্দা মাতানো শাহরুখ বলছেন, এ দু’জনের মধ্যে নাকি একটি বিষয়ে মিল খুঁজে পেয়েছেন তিনি।

ফিল্ম কম্প্যানিয়ন’কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “আনুশকা ও কাজলের মধ্যে একটি মিল রয়েছে। দু’জনকেই প্রথম যখন ক্যামেরার সামনে দেখেছি, আমার মনে হয়েছে তারা ঠিকমতো অভিনয় করতে পারছে না। আমি মঞ্চ থেকে সিনেমায় এসেছি। তাই অভিনয় বলতে আমি যেমনটা বুঝি তেমনটা তাদের কাজে পাইনি বলেই মনে হয়েছে। কিন্ত পরে যখন পর্দায় তাদেরকে দেখেছি তখন রীতিমতো মুগ্ধ হয়েছি!”

৪ আগস্ট মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলী পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’। ট্যুর গাইড হ্যারির সঙ্গে হারিয়ে যাওয়া আংটি খুঁজতে গিয়ে পরিচয় হওয়া সেজালের গল্প নিয়ে তৈরি হয়েছে এ সিনেমাটি।সামনেই শাহুরখ-আনুশকা জুটিকে দেখা যাবে আনন্দ এল, রাই’য়ের নতুন একটি ছবিতে। এতে আরও রয়েছেন ক্যাটরিনা কাইফ।