২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় শাবানা

শাবানাকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজে না জড়ালেও স্বামী ওয়াহিদ সাদিক নেমেছেন রাজনীতির জটিল পথে, আর তাতে সহযোগী হয়ে নেমেছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 09:41 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

শেখ হাসিনার আহ্বানে এই অভিনেত্রীর স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

একই আসনে প্রচার শুরুর আগে মঙ্গলবার (১৮ জুলাই) কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের পৈত্রিক বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শাবানা-ওয়াহিদ।

শাবানা বলেন, “সন্তানদের সময় দিতে হয় বলে আমি রাজনীতিতে আসতে পারছি না। তবে আমার স্বামী রাজনীতিতে আসতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও রাজনীতিতে আসার কথা বলেন।

“এসময় তিনি (ওয়াহিদ সাদিক) তার জন্মভূমি যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন।”

Image
প্রধানমন্ত্রীর সঙ্গে শাবানা (ছবি মুশফিকুর রহমান গুলজারের সৌজন্যে)

প্রধানমন্ত্রীর সঙ্গে শাবানা (ছবি মুশফিকুর রহমান গুলজারের সৌজন্যে)

ওয়াহিদ সাদিক বলেন, “সম্প্রতি অসুস্থ চিত্রপরিচালক আজিজুর রহমানের চিকিৎসার জন্য স্ত্রী, আলমগীর ও মৌসুমীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাই। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাবানাকে রাজনীতিতে আসার প্রস্তাব দেন।”

মঙ্গলবার (১৮ জুলাই) সপরিবারে যশোরের কেশবপুরে আসেন শাবানা। উপজেলার বড়েঙ্গা গ্রামে তাদের উদ্যোগে শিশুদের বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। ধর্মমন্ত্রী বড়েঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের জন্য ২ লাখ টাকা ও কোরআন শিক্ষা কার্যক্রমের জন্য ১ লাখ টাকা সরকারি অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও ময়মনসিংহ জেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সফিক।

পুরনো খবর:

দু’হাত বাড়িয়ে শাবানাকে বুকে টানলেন প্রধানমন্ত্রী