ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য ‘আলো’তে তৌসিফ-সংযুক্তা
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে অন্তর্জালে জনপ্রিয়তা পেয়েছেন ভিকি জাহেদ। সর্বশেষ তার পরিচালনায় ‘রূপ’ মুক্তির পর দর্শকদের প্রশংসা পায়। এবার তিনি নির্মাণ করলেন ‘আলো’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। আসছে ১৭ জুলাই এটি অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে।
চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রসঙ্গে তৌসিফ বলেন, “এখন অনেকের অভিযোগ শর্টফিল্মগুলোর গল্প প্রায় এক হয়ে যাচ্ছে। তাই বেশ কিছুদিন ধরে আমি শর্টফিল্ম থেকে দূরে ছিলাম। কিন্তু ভিকি ভাইয়ের কাছ থেকে ‘আলো’র গল্প শুনে কাজটার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ এর গল্পের মধ্যেই ভিন্ন রকম এক ভালোবাসা লুকিয়ে আছে। ভিকি ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে তার পরিচালনায় ‘দেয়ালে’ আমি অভিনয় করেছি। স্বল্পদৈর্ঘ্যটি দর্শক অনেক পছন্দ করেন। আশা করছি ‘আলো’ও দর্শকের অনেক ভালো লাগবে।”
টাইগার মিডিয়ার ব্যানারে ‘আলো’ একটি মোশন ভাস্কর নির্মাণ। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ।
স্বল্পদৈর্ঘ্যটির মধ্য দিয়ে তৌসিফের বিপরীতে অভিষেক হতে যাচ্ছে সংযুক্তা দাসের। তিনি বলেন, “প্রথম কাজ তাই এর প্রতি অনেক বেশি ভালোবাসা। ‘আলো’র গল্পটাও অসম্ভব সুন্দর। তাই দর্শকদের অনেক বেশি সাপোর্ট চাইব।”
প্রসঙ্গত, ‘আলো’ ভিকি জাহেদের নবম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত ‘মোমেন্টস’, ‘অবিশ্বাস’, ‘মায়া’, ‘দেয়াল’, ‘অক্ষর’, ‘দূরবিন’, ‘বীর’ ও ‘রূপ’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
