শিল্পকলায় তীরন্দাজের ‘তামসিক’
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে তীরন্দাজ নাট্যদল প্রযোজিত নাটক ‘তামসিক’।
১৩ জুলাই সন্ধ্যায় তৃতীয়বারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে তীরন্দাজ নাট্যদলের নাটক ‘তামসিক’। অপু মেহেদীর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী রাকিব। ধর্মীয় আগ্রাসনের ওপর ভিত্তি করে এগিয়েছে নাটকটির গল্প।
দলের এ তৃতীয় প্রযোজনা প্রসঙ্গে নির্দেশক বলেন, “রিহার্সেল রুমের অপ্রতুলতা, সামাজিক নানা রকম সংকট এর মধ্য দিয়ে কিছু তরুণ প্রতিভাবান নাট্যবন্ধুদের প্রাণপন সহযোগিতায় নাটকটির মঞ্চায়ন সম্ভব হচ্ছে। থিয়েটার হয় অভিনেতা ও দর্শক এর সরাসরি মিথস্ক্রিয়ায়। আমি বিশ্বাস করি পথ পথিক সৃষ্টি করেনা পথিক ই পথ সৃষ্টি করে। এই বিশ্বাসের কারণেই এই প্রযোজনাটি আমি হাতে নিয়েছি। ভুল ত্রুটি যেমন মার্জনীয় তেমনি গঠনমূলক সমালোচনাও কাম্য।”
নাটকের রচয়িতা অপু মেহেদী বলেন, “মানুষের বেডরুম থেকে কবরস্থান পর্যন্ত সবকিছুতেই এখন ব্যবসা আর সেই ব্যবসার বিষবাষ্প ছড়িয়ে পড়ছে ধর্মের মাঝেও। পৃথিবীতে বিরাজমান সকল ধর্ম নিয়েই মানুষ এখন ব্যবসা করছে কেননা ধর্ম ব্যবসাতে কোনো পুঁজির প্রয়োজন হয়না। ধর্মের অপব্যবহার, ধর্ম নিয়ে রাজনীতি নিজের স্বার্থে ধর্মকে ইচ্ছামত অপব্যবহার চলছে নিরন্তর । বাধাগ্রস্ত হচ্ছে সত্য, ন্যায় ও মানবতার যাত্রা। এ যেন সহস্র আলোর মাঝে জমাট অন্ধকারের রাহুগ্রাস। আধুনিক উন্নয়নের মাঝে অদ্ভুত অন্ধত্বের পিছুটান, তবুও সত্য অনিবার্য। সহস্র কালের সহস্র প্রাণ বলিদান হলেও অন্ধকার ভেদ করে সূর্য উদ্ভাসিত হবে এই মহত্তম সম্ভাবনায় বিশ্বাস রেখে মানুষের নিরন্তর যাত্রা। মানুষের এই নিরন্তর যাত্রার গল্প ‘তামসিক’।”
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-তমা রানী, তাসনুভা শিশির, তমাল খান, এনাম রিপন, উত্তম চক্রবর্তী, হাসান মাহদী লাল্টু, কাজী রাকিব প্রমুখ।
