একজোট হলো চলচ্চিত্র ও টেলিভিশনের সংগঠনগুলো
পারস্পরিক স্বার্থরক্ষায় ও ভারতীয় আগ্রাসন ঠেকাতে এক হচ্ছে চলচ্চিত্র পরিবার ও টেলিভিশন সংগঠনগুলো। বৃহস্পতিবার এফডিসিতে এক সভায় এমন সিদ্ধান্তে মিলিত হন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
দেশিয় চলচ্চিত্রকে তার আপন গতিতে ফেরাতে সকল অনিয়ম ঠেকানোর আন্দোলনে নেমেছে চলচ্চিত্র পরিবার তথা এফডিসি ভিত্তিক চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ছোটপর্দার অভিনয়শিল্পী, কলাকুশলী ও পরিচালকদের সংগঠনগুলো। বৃহস্পতিবার এফডিসিতে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন, অভিনয় শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডের নেতৃবৃন্দের সঙ্গে সভায় মিলিত হন চলচ্চিত্র পরিবারের নেতারা।
সভায় পারস্পরিক স্বার্থ সুরক্ষায় একসঙ্গে পথ চলার প্রত্যয় নিয়ে শিগগিরই একটি ফেডারেশন করার প্রস্তাব উঠে আসে। টেলিভিশন-চলচ্চিত্র ঐক্যজোট নামকরণের প্রস্তাব করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
সভায় বক্তারা চলচ্চিত্র ও টেলিভিশনের চলমান নানা সংকট নিয়ে বক্তব্য রাখেন। বড়পর্দায় যৌথপ্রযোজনার চলচ্চিত্র ও সাফটা চুক্তিকে আশ্রয় করে ভারতীয়দের বড়পর্দা দখলের অপ্রপয়াসের নিন্দা ও তা রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
সভায় ভারতীয় আগ্রাসন ঠেকাতে গণমাধ্যমের আরও সচেতন ভূমিকা পালনের অনুরোধ জানান মামুনুর রশিদ। তিনি তার বক্তব্যে আরও বলেন, “আমরা যেন সেই ভীরু হাতিটার মতো হয়ে গেছি। ভীরু হাতিতে পরিণত হওয়ার ফলে আমাদের কোনো কিছুরই বিকাশ হচ্ছে না। যেন আমাদের মেরুদণ্ড বেঁকে গেছে। সময় এসেছে আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার। আজ তার শুভ সূচনা হয়েছে। শিগগিরই একটা রুলস, একটা ফেডারেশন তৈরি করে একটা কাজের সূচনা করতে হবে।”
প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসনে ডিপজল বলেন, “ফেডারেশন করলে মনে হয় আমরা বাঁচতে পারবো। ফিল্মটা বাঁচতে পারবে। রক্ত থাকতে ফিল্মকে ধ্বংস করতে দিবো না। ফিল্মকে ধ্বংস করার অনেক চেষ্টা চলছে। সরকার বলেছে ৫০টা হলে প্রজেক্টর বসাবে। আমি ১০০টা হলে প্রজেক্টর বসানোর ঘোষণা দিলাম। আপনাদের যে কোনো সহযোগিতায় আমি পাশে আছি।”
চলচ্চিত্র ও নাটকের বিশিষ্টজন সৈয়দ হাসান ইমাম বলেন, “টেলিভিশন ও চলচ্চিত্রের লোকগুলো প্রায় একই। টেলিভিশন করতে করতে চলচ্চিত্রে আসেন, চলচ্চিত্র করতে করতে টেলিভিশনে যান। এটা আমাদেরই জায়গা। টেলিভিশনের যেসব নেতৃবৃন্দ আজ বক্তব্য রাখলেন তারা চলচ্চিত্রেরই লোক। শুধু সংগঠনগুলো স্বতন্ত্র। এ সংগঠনগুলোকে একটি কেন্দ্রিয় আওতার মধ্যে আনা যেতে পারে।”
তিনি আরও বলেন, “আমার অবাক লাগছে, কি করে আইন অমান্য করে দুটি ছবি মুক্তি পেতে পারে? তাহলে আইনের দরকার কি? নীতিমালা সংশোধন করাতো পরের ব্যাপার। কিন্তু আইন অমান্য করে ছবি মুক্তি দেয়া হলো এ নিয়ে সরকারের যেমন কোনো পদক্ষেপ নেই, আইনের যারা রক্ষক তাদেরও কোনো পদক্ষেপ নেই, এমনকি সেন্সরবোর্ডে যারা আছেন তারাও চোখ বন্ধ করে আছেন।”
তার ভাষ্যে, “জাতীয় স্বার্থ সবার আগে। আমরা আন্তর্জাতিক হবো, কিন্তু জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবো কিন্তু জাতীয় সম্পদকে বিসর্জন দিয়ে নয়। ১৯৭১ সালের নভেম্বর মাসে যুগান্তর পত্রিকায় আমার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিলো। আমাকে প্রশ্ন করা হয়েছিলো, বাংলাদেশ স্বাধীন হলো, ভারতের চলচ্চিত্র বাংলাদেশে চলবে কিনা? আমি বলেছিলাম, আমাদের নিজেদের চলচ্চিত্র রক্ষা করে সম্ভব হলে চালাবো নইলে চালাবো না। ভারতে বসে এ ইন্টারভিউ দিয়েছিলাম। আমরা দেশটাকে স্বাধীন করেছি আমাদের জন্য। অন্য কারো জন্য নয়। আমরা ইরানের সংস্কৃতি দেখবো, ভারতের সংস্কৃতি দেখবো কিন্তু সেটা বিদেশি সংস্কৃতি হিসেবে, দেশের সংস্কৃতি হিসেবে নয়।”
সভায় সমাপনী বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন।
