ইমরান-শুভমিতার দ্বৈত অ্যালবাম ‘ভালোবাসি বলে’
ভারতীয় বাংলা গানের শিল্পী শুভমিতার সঙ্গে অ্যালবামে জুটি বাঁধলেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান।
নতুন একটি দ্বৈত অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এবং শুভমিতা। স্নেহাশীষ ঘোষের কথায় অ্যালবামের সবগুলো গানের সুর এবং সংগীতপরিচালনা করেছেন ইমরান নিজেই।
তিনটি গান দিয়ে সাজানো এই অ্যালবামের গানগুলোর শিরোনাম হল- ভালোবাসি বলে, ভাগ্য এবং ক্ষয়। গত ১০ জুলাই কোলকাতায় গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়। সংগীতার ব্যানারে চলতি মাসেই প্রকাশিত হবে অ্যালবামটি।
এ প্রসঙ্গে ইমরান বলেন, “অনেক আগে থেকেই আমি শুভমিতা দিদির গানের একজন ভক্ত। এর আগে আমার সংগীতপরিচালনায় তিনি গান করলেও এই প্রথম আমার সঙ্গে দ্বৈত কোনো গানে কণ্ঠ দিলেন তিনি। আশা করছি আমার শ্রোতারা এবার ভিন্ন কিছু পেতে যাচ্ছে।”
অন্যদিকে শুভমিতা বলেন, “বাংলাদেশে ইমরান এখন খুবই ভালো কাজ করছে। এই অ্যালবামের গানগুলোতে কথার সঙ্গে সামঞ্জস্য রেখেই ও সুরগুলো করেছে যা আমার ভালো লেগেছে। তিনটি গান নিয়ে আমি খুবই আশাবাদী।”
