‘টিউবলাইট’য়ের জন্য ৫৫ কোটি ক্ষতিপূরণ দেবেন সালমান
সিনেমা দিয়ে দর্শক টানতে না পারলেও মহানুভবতার জন্য আবারও খবরের শিরোনাম হলেন সালমান খান। সম্প্রতি ‘টিউবলাইট’য়ের ক্ষতিপূরণ হিসেবে সিনেমাটির পরিবেশক ও প্রচারক সংস্থাকে ৫৫ কোটি রুপি ফিরিয়ে দেওয়ার ষোষণা দিয়ে আবার তার প্রমাণ রাখলেন ‘ভাইজান’।
বলিউডে ঈদ মানেই সালমান খানের নাচ-গান ও অ্যাকশনে ভরপুর মশলাদার সিনেমা। এর মধ্যে ব্যতিক্রম ছিলো ‘বজরঙ্গী ভাইজান’। ভারত-পকিস্তান টানাপোড়েনকে পটভূমি করে সে সিনেমায় ভালোই নাম করেছিলেন ‘সুলতান’ তারকা।
তবে অনেকটা একই ধরণের গল্প নিয়ে নির্মিত ‘টিউবলাইট’ এবার ঈদে তেমন একটা ব্যবসা করতে পারেনি। মুক্তির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে এ ছবির আয় ১১৪ কোটি ৫০ লাখ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বক্সঅফিসে ঝড় তুলবে ‘টিউবলাইট’ এমনটাই ভেবেছিলেন এ ছবির পরিবেশক ও প্রচার কর্তৃপক্ষ। তাই উচ্চমূল্যে এ ছবির প্রচারস্বত্ব কিনে রীতিমতো ক্ষতির মুখেই পড়েছিলেন তারা।
কিন্তু তাদের এ দুঃসময়ে এগিয়ে এলেন ‘ভাই’ সালমান খান। ক্ষতিপূরণ বাবদ ৫৫ কোটি দেওয়ার ঘোষণা দিয়ে আবারও নিজেকে প্রমান করলেন তিনি।
এর আগে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সালমান বলেন, “টিউবলাইট’য়ের বক্সঅফিস ব্যর্থতা ও সমালোচকদের নিম্ন রেটিং নিয়ে আমি চিন্তিত নই। এটি একটি ব্যতিক্রমী সিনেমা। বন্ধু-বান্ধব নিয়ে মস্তি করে দেখার মতো সিনেমা এটি নয়। পরিবারের সব সদস্যদের নিয়ে দেখার মতো সিনেমা এটি।”
এবার ঈদে বক্সঅফিস মাতাতে পারেনি সালমান খানের ‘টিউবলাইট’। মুক্তির আগে থেকেই এ ছবিকে ঘিরে দর্শকের আহগ্র ছিলো তুঙ্গে। কিন্তু দুর্বল চিত্রনাট্য ও সালমান খানের বোকা ও নিরীহ চরিত্রের জন্য দর্শক টানতে ব্যর্থ হয়েছে কবির খানের এ সিনেমাটি এমনটাই বলছেন বক্সঅফিস বিশেজ্ঞরা।
সামনেই ক্যাটরিনা কাইফের বিপরীতে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় দেখা যাবে সালমানকে।
