‘স্পাইডার-ম্যান ফিরেছে বিজয়ীর বেশেই’
মুক্তির প্রথম সপ্তাহ শেষ হতেই বক্স অফিস থেকে ১১ কোটি ৭০ লাখ ডলার উঠিয়ে নিয়ে হইচই ফেলে দিয়েছে সনি-মার্ভেলের নতুন সুপারহিরো মুভি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’।
এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় কিশোর স্পাইডার-ম্যানের চরিত্রে অভিষেক ঘটলো অভিনেতা টম হল্যান্ডের। ১৫ বছরের স্কুলপড়ুয়া স্পাইডার-ম্যানের চরিত্রে দর্শকেরা দারুণভাবে গ্রহণ করেছে তাকে।
সনি পিকচার্সের ইতিহাসে এটিই দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড। তালিকার প্রথমে আছে ‘স্পাইডার-ম্যান থ্রি’।
সিনেমাটির দারুণ ব্যবসা স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্জাইজির জন্য ‘বিরাট বিজয়’ হিসেবে দেখছেন সনির জশ গ্রিনস্টেইন। রয়টার্সকে তিনি বলেছেন, “সনি এবং মার্ভেলের সবাই দারুণ উল্লসিত। এটা বলাই যায় যে স্পাইডারম্যান বিজয়ীর বেশেই ফিরে এসেছে।”
কেবল সাধারণ দর্শকের কাছেই জনপ্রিয়তা পেয়েছে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’- এমনটা নয়। কিছুদিন আগেই মুক্তি পাওয়া দারুণ সফল সুপারহিরো মুভি ‘ওয়ান্ডার ওম্যান’-এর মতোই সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে মার্ভেলের এই সিনেমাটি। রটেন টমেটোজে সিনেমাটিকে ৯৩ শতাংশ ফ্রেশ রেটিংও দেওয়া হয়েছে।
কেবল যুক্তরাষ্ট্রেই নয়, স্পাইডার-ম্যান বাজিমাত করেছে বহির্বিশ্বের বক্স অফিসেও। ভারতে শ্রীদেবীর সিনেমা ‘মম’ মুক্তি পাওয়া সত্ত্বেও সিনেমাটি প্রথম দুই দিনে আয় করেছে ৪২ কোটি রুপি।
জন ওয়াটস পরিচালিত এই সিনেমায় টম হল্যান্ড-এর পাশাপাশি আরও দেখা গেছে ‘আয়রন ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়রকে। সিনেমার খলচরিত্র দ্য ভালচারের ভূমিকায় ছিলেন মাইকেল কিটন। আন্ট মে’র ভূমিকায় ছিলেন মারিসা টোমেই এবং পিটার পার্কারের বান্ধবী মিশেল জোন্সের (এমজে) ভূমিকায় অভিনয় করেছেন জেনডায়া।
