পাল্টে গেল গানের কথা ও সুর
সমঝোতায় এসেছেন দুই সংগীতশিল্পী ফকির আলমগীর ও কুদ্দুস বয়াতি। ফকির আলমগীরের অভিযোগের ভিত্তিতে পাল্টে যাচ্ছে কুদ্দুস বয়াতির গানের কথা ও সুর।
গণসংগীতশিল্পী ফকির আলমগীরের, ‘আমি ওহন রিশকা চালাই ঢাহা শহরে’ শিরোনামে জনপ্রিয় গানটির অনুকরণে আরেকটি গান বেঁধেছিলেন বাউলশিল্পী কুদ্দুস বয়াতি। অনুমতি ছাড়া গানটির কথা ও সুর ব্যবহারের অভিযোগ তুলেছিলেন ফকির আলমগীর। সেই অভিযোগের ভিত্তিতে পরিবর্তন করা হচ্ছে কুদ্দুস বয়াতির ‘আমি এখন ট্যাক্সি চালাই’ শিরোনামে গানটির কথা ও সুর। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন গানটির প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ মিউজিকের কর্ণধার ইমদাদ সুমন।
তিনি গ্লিটজকে বলেছেন, “আমরা আসলে বিকৃতি করার উদ্দেশ্য নিয়ে গানটা করতে চাইনি। কিছুদিন আগে কুদ্দুস বয়াতির ‘আসো মা হে’ গানটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছিলো। সেটাকে মাথায় রেখেই গানটি করছিলাম। কিন্তু ফকির আলমগীর ভাইয়ের প্রতি সম্মান রেখেই গানটির কথা ও সুরে পরিবর্তন আনছি আমরা।”
প্রযোজনা প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। জানিয়েছেন, “এটি একটি ভালো উদাহরণ। ধন্যবাদ জানাই তাদেরকে।”
আশির দশকের গোড়ার দিকে দেশজুড়ে আলোড়ন তুলেছিলো ফকির আলমগীরের ‘আমি ওহন রিশকা চালাই ঢাহা শহরে’ গানটি। এটি প্রথম প্রচারিত হয় বিটিভিতে জুয়েল আইচের উপস্থাপনায় আনন্দমেলা অনুষ্ঠানে। গানটি লিখেছেন আলতাফ আলী হাসু। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন ফকির আলমগীর। তার ভাষায়, “গানটি শুধুমাত্র একটি গানই নয়, সমাজ বদলের হাতিয়ার।”
