২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রং সাইডে’ কুদ্দুস বয়াতি, মামলা করবেন ফকির আলমগীর

অনুমতি ছাড়াই গণসংগীতশিল্পী ফকির আলমগীরের গানের সুর হুবহু কপি করেছেন বাউলশিল্পী কুদ্দুস বয়াতি বলে অভিযোগ। মামলার প্রস্তুতি নিচ্ছেন ফকির আলমগীর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 07:13 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

আশির দশকের গোড়ার দিকে দেশজুড়ে আলোড়ন তুলেছিলো গণসংগীতশিল্পী ফকির আলমগীরের ‘আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে’ গানটি। দেড় যুগ পরও গানটির আবেদন কমেনি। মানুষের মুখে মুখে ফেরে। সেই গানটির অনুকরণে এবার আরেকটি গান বেঁধেছেন বাউলশিল্পী কুদ্দুস বয়াতি। তবে তিনি আর রিক্সা নয়, এবার চালাচ্ছেন ট্যাক্সি। কুদ্দুস বয়াতির গানের শিরোনাম, ‘আমি এখন ট্যাক্সি চালাই ঢাকা শহরে।’ শিরোনামের সঙ্গে পাল্টে গেছে গানের নায়িকাও। ফকির আলমগীরের নায়িকা ছিলেন সখিনা, আর কুদ্দুস বয়াতির নায়িকা মর্জিনা। গানটি যৌথভাবে লিখেছেন এম এস প্রীতম ও কুদ্দুস বয়াতি।

গানে ফকির আলমগীরের গানের সুরই ব্যবহার করা হচ্ছে নিশ্চিত করেছেন কুদ্দুস বয়াতি। এ ব্যাপারে ফকির আলমগীরের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জিজ্ঞাসা করলে বয়াতি জানালেন, ‘‘না কোনো কথা হয়নি। আর সুর তো সবাই নিতে পারে। আমার সুর কতো লোকেই গাইতেছে। আমার ‘পাগলা ঘোড়া’ গানটির সুর অনেকেই আমার অনুমতি না নিয়ে ব্যবহার করেছে। আর আমি তো গানটা ডিজিটালি উপস্থাপন করছি।’’

গানটির রেকর্ডিং ইতিমধ্যেই শেষ হয়েছে। দিন আটেকের মধ্যেই মিউজিক ভিডিওর কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে ফকির আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার গানের বিকৃতির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, ‘‘গানটি শুধুমাত্র একটি গানই নয়, সমাজ বদলের হাতিয়ার। সেই গানটি বিকৃতি করে উপস্থাপন করাটা কিছুতেই মেনে নেবো না। এটা এক ধরণের ফাজলামি। প্রতারণার সামিল। মুর্খতা আর অপসংস্কৃতিকে পছন্দ করি না আমি। মামলার প্রস্তুতি নিচ্ছি। তিনি তো অশুদ্ধ উচ্চারণে গান করেন। আর আমার গান গাওয়ার অধিকার উনাকে কে দিয়েছে?’’

উল্লেখ্য, ফকির আলমগীরের গানটি ১৯৮২ সালের বিটিভিতে জুয়েল আইচের উপস্থাপনায় আনন্দমেলা অনুষ্ঠানে প্রথম প্রচার হয়েছিলো। গানটি লিখেছেন আলতাফ আলী হাসু। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন ফকির আলমগীর।

ছবি: ফকির আলমগীর-এর ফেইসবুক থেকে এবং কুদ্দুস বয়াতির ছবি ইউটিউব থেকে নেয়া।