অনলাইনে ঝড় তুললো রজনীকান্তের সেলফি ভিডিও
প্রথমবারের মতো সেলফি তুললেন রজনীকান্ত। সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগের মাধ্যমেই তা হয়ে গেল ভাইরাল!
এই মুহূর্তে চিকিৎসার জন্য কন্যা ঐশ্বরিয়া ধনুষের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সেখানে গিয়ে সময়টা যে বেশ আনন্দেই কাটছে তার, তারই প্রমাণ যেন ৩৪ সেকেন্ডের এই সেলফি ভিডিও।
যুক্তরাষ্ট্রের রাস্তায় একটি ফেরারি’র সওয়ারি হয়েছিলেন রজনীকান্ত। ফেরারিতে করে ঘোরার মুহূর্তটি তিনি বন্দী করেন একটি সেলফি ভিডিওতে। এতে রজনীকান্তের পাশে তার গাড়িচালককেও দেখা গেছে বেশ খানিকটা।
সদ্যই নিজের পরবর্তী ছবি ‘কালা কালীচরণ’-এর দ্বিতীয় অংশের শুটিং শেষ করেছেন রজনীকান্ত। সম্প্রতি ভারতীয় সিনেমাগুলোর আয়ের উপর থাকা ২৮ শতাংশ করের উপর নতুন করে চাপিয়ে দেওয়া ৩০ শতাংশ করের প্রতিবাদে যখন উত্তাল গোটা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি, তখন তাতে গলা মিলিয়েছিলেন তিনিও। কিন্তু সেসবকিছুকেই পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে মেয়ের সঙ্গে যে বেশ ভালোই ছুটি কাটাচ্ছেন তিনি- তা বেশ বোঝা যায় ভিডিওটি দেখলে।
বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছানো রজনীকান্তের ঘনিষ্ঠ এক সূত্র আইএএনএসকে জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝিতে দেশে ফিরবেন তিনি। চলতি বছরে মুক্তি পাবে অক্ষয় কুমারের সঙ্গে তার নতুন ছবি ‘টু পয়েন্ট জিরো’।
