প্রধানমন্ত্রীকে ওমর সানির খোলা চিঠি
সাফটা চু্ক্তি বাতিলের অনুরোধে এবার প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন চিত্রনায়ক ওমর সানি। চিঠিতে সাফটা চুক্তির পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমা নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
দিন দুয়েক আগেই বিডিনিউজের সঙ্গে আলাপকালে চিত্রনায়ক ওমর সানি জানিয়েছিলেন, বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে সাফটা চুক্তি বাতিল করা খুব জরুরি। বিষয়টি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন তিনি।
ফেসবুকে প্রকাশিত খোলা চিঠিতে তিনি লিখেন, ‘‘সার্ক দেশের নিয়ম অনুসারে এক দেশের ছবি আরেক দেশে চলবে—এ আইন রয়েছে। আমাদের চলচ্চিত্রের সময়টা বর্তমানে খুবই খারাপ। তাই আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি সাফটা চুক্তি বাতিলের।’’
চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘‘এই এফডিসি জাতির জনক বঙ্গবন্ধুর গড়া। জাতির জনক বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, তখন এক দিনের নোটিশে বলেছিলেন, এ দেশে কোনো ভিন দেশীয় ছবি (হিন্দি, উর্দু, পাকিস্তানি) চলবে না। তখনকার সময় দেশের অবস্থা ছিল নাজুক। কিন্তু এ দেশ তো বর্তমানে সে অবস্থানে নেই। বর্তমানে অনেক উন্নত হয়েছে। আপনি তো জাতির জনক বঙ্গবন্ধুর সন্তান। আমরা খুব ভালোভাবেই জানি, আপনিও আপনার বাবার মতো চলচ্চিত্রকে ভালোবাসেন। তাই আমরা চাই, আপনার ভালোবাসা ও হাতের ছোঁয়া পেয়ে চলচ্চিত্র ফিরে পাক আবার সোনালি অতীত।’’
সবশেষে অভিনয়শিল্পী শাবানা ও মৌসুমীকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওমর সানি।
ছবি: ওমর সানির ফেইসবুক থেকে নেয়া
