সাফটা চুক্তি বাতিলের দাবি ওমর সানির
সাফটা চুক্তির কড়া সমালোচনা করছেন চিত্রনায়ক ওমর সানি। সাফটা চুক্তিকে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির ‘সাপ’ বলে বিবেচনা করে শিগগিরই চুক্তিটি বাতিলের দাবি তুলেছেন।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে আসছে ভারতীয় চলচ্চিত্র ‘চ্যাম্প’। আর ভারতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তান’। কলকাতার তারকা অভিনেতা দেব অভিনীত ‘চ্যাম্প’ সিনেমাটি কলকাতায় দারুণ সাড়া ফেলছে। তার বিপরীতে মৌসুমী হামিদ অভিনীত ‘মাস্তানি’ সিনেমা ছিল বছরের সুপারফ্লপ ছবি।
সাফটা চুক্তিতে চলচ্চিত্র বিনিময়ে ভারসাম্য থাকছে না বলে অভিযোগ করেছেন চিত্রনায়ক ওমর সানি।
চুক্তিটির কড়া সমালোচনা করে জানিয়েছেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করবো যাতে ন্যক্কারজনক চুক্তিটি শিগগিরিই বাতিল করা হয়। সাফটাকে আমি বাংলা সিনেমার ‘সাপ’ বলে বিবেচনা করছি। আমাদের ছবি ওখানে যাওয়ার দরকার নেই। ওনাদের ছবি আমাদের এখানে আসার দরকার নেই।’’
চুক্তি বাতিলের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘‘চ্যাম্প হলো রানিং একটা সিনেমা। আর ‘মাস্তানি’ সিনেমাকে সিনেমা হিসেবে তো কাউন্টই করা যায় না। এই দুটো সিনেমা কী সেম? এটাকে কী সুষম বিনিময় বলে?’’
তবে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাগুলোতে দুই দেশেরই অংশগ্রহণ সমান চান তিনি। ‘‘এমনকি কোনো সিনেমায় সত্তর ভাগ
বাংলাদেশের অংশগ্রহণ থাকলেও আমি প্রতিবাদ করবো। যৌথ প্রযোজনায় বাংলাদেশ-ভারতের ফিফটি-ফিফটি অংশগ্রহণ চাই।’’
উল্লেখ্য, ২০০৪ সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে। এ চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারত বেশ কিছু সিনেমা বিনিময় করেছে ইতিমধ্যে। বাংলাদেশ থেকে ভারতে গেছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘সম্রাট’, ‘রাজাবাবু’সহ আরো বেশ কিছু সিনেমা। বাংলাদেশে এসেছে ভারতীয় সিনেমা ‘বেলাশেষে’, ‘অভিমান’, ‘তোমাকে চাই’,‘বেপরোয়া’, ‘যুদ্ধশিশু’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘ওয়ান্টেড’সহ আরো বেশ কিছু চলচ্চিত্র।
