বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দিন, শাকিবকে নিপুণ
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের আরেক চিত্রনায়িকা নিপুণ। সোমবার এক ফেসবুক পোস্টে ঢালিউড সুপারস্টারের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে ধরেন এ নায়িকা।
রোববার একটি বেসরকারী চ্যানেলের টক শো-তে অংশ নেন শাকিব খান। সেখানে অপু বিশ্বাসের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ছাড়াও দেশের চলচ্চিত্রের নানা প্রসঙ্গে তিনি তার বক্তব্য রাখেন। টক শো-টির একটি লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করে চিত্রনায়িকা নিপুণ ক্ষোভ প্রকাশ করেছেন এ নায়কের বিরুদ্ধে।
নিপুণ তার স্ট্যাটাসে বয়োজেষ্ঠ শিল্পীদের প্রতি অসম্মানসহ দেশের চলচ্চিত্র শিল্প ধ্বংসে নোংরা রাজনীতির অভিযোগ এনেছেন শাকিব খানের বিরুদ্ধে। শুধু তাই নয়,নিজের অবস্থান টিকিয়ে রাখতে পাইরেসির পেছনেও জড়িত আছেন শাকিব- এমন অভিযোগও তুলে ধরেছেন নিপুণ। প্রশ্ন তুলেছেন নায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়েও।
চিত্রনায়িকা বুবলির সঙ্গে ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নেই উল্লেখ করে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিপুণ তার বক্তব্যে বলেন, “আপনি কীভাবে বলেন বা বুঝাতে চান যে, বাংলাদেশের নায়িকারা শিক্ষিত না, ব্যাকগ্রাউন্ড ভালো না? মিডিয়াতে শুধু বুবলি যোগ্য এবং শিক্ষিত? শাকিব খান, আপনি নিজের বৌ এর চেয়ে বেশি বারবার বুবলির গুণগান মিডিয়াতে বলতেছেন। তাই নয় কি? যাই হোক ব্যক্তিগত ব্যাপারে না-ই বা গেলাম। আপনি পারসোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা? আপনার ফ্যামেলি ব্যাকগ্রাউন্ড? আপনি মনে হয় আপনার ১১ বছর আগের কথা ভুলে গেছেন।”
নিপুণ আরও বলেন, “ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজীতে যা কিছুই জিজ্ঞেস করত, আপনি না বুঝেই ‘ইয়েস’ ‘নো’ বলতেন; যোখানে অন্য আর্টিস্টরা ঠিক ঠাক উওর দিত। আপনি এতই শিক্ষিত যে 'ইডি' (এম্বারকেশন-ডিসএম্বারকেশন) কার্ড পূরণ করতে পারতেন না। ভুলে গেছেন ? ইন্ড্রাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যাঁরা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করেনা। আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন।”
জ্যেষ্ঠ শিল্পীদের প্রতি শাকিব খানের অসম্মানের প্রমাণ তুলে ধরে নিপুণ আরও বলেন, “আপনি তো আবার অতীত ভুলে যান। তাই আরও মনে করিয়ে দিতে চাই যে,আপনি শুটিং এর সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত সেটে আর আসেননি। আরও কতজনকে যে অসম্মান করেছেন, তার হিসেব নেই। ভুলে গেছেন? ইন্ড্রাসট্রিতে যা খুশি তাই করেছেন আপনি। সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ। আপনার জন্যই তো ওনারা ইন্ড্রাসট্রিতে নিয়মিত না। আপনি কি করে ভাবেন যে, রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বার বার সাপোর্ট দিবে?”
দেশের চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি না করার আহ্বান জানিয়ে শাকিবকে নিপুণ আরও বলেন, “বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজের ও কিছু দেশী-বিদেশী স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন যা বাংলাদেশ চলচিত্র শিল্পর জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা চলচিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন।”
শাকিব খানের জন্যই প্রযোজকরা ছবিতে লগ্নি করতে চাইছেন না এমন অভিযোগও তুলেছেন এ নায়িকা। শুধু তাই নয়, ছবি মুক্তির পর পাইরেসির পেছনে শাকিব খানের হাত রয়েছে বলেও অভিযোগ তার।
নিপুন বলেন, “মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি কিন্তু আপনার মতো শয়তান যত দিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষরা ইনভেস্ট করতে চাইবে না। কারণ কিছু লোককে তো রেখছেনই টাকা দিয়ে সেই সিনেমা পাইরেসি করানোর জন্যে এবং নিজেকে স্বঘোষিত ‘কিং খান’ প্রতিষ্ঠিত করার জন্য।”
স্ট্যাটাসটি প্রসঙ্গে সোমবার নিপুণ গ্লিটজকে বলেন, “শাকিব খানের বর্তমান কর্মকাণ্ড নিয়ে আমি কিছুটা বিরক্ত। তাই এ স্ট্যাটাস দিয়েছি।”
পরবর্তীতে মিডিয়াতে কথা বলার আগে অবশ্যই শাকিব খান চিন্তা-ভাবনা করে সিনিয়র আর্টিস্টদের ও অন্যান্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করছেন নিপুণ।
