লোক নাট্যদলের তিনযুগ পূর্তি উৎসব
নাট্যচর্চায় তিনযুগ অতিক্রম করতে যাচ্ছে নাট্যসংগঠন ‘লোক নাট্যদল’। ৬ জুলাই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৯৮১ সালের ৬ জুলাই লিয়াকত আলী লাকীর নেতৃত্বে যাত্রা শুরু করে লোক নাট্যদল। জীবনঘনিষ্ঠ ও নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়নের জন্য পরিচিত দলটি এযাবত শিশু নাটকসহ ৬০টি নাটক প্রযোজনা করেছে। এর মধ্যে ৫২টি মঞ্চ নাটক, ৭টি পথ নাটক, ১টি সংগীতালেখ্য। আন্তর্জাতিক নাট্যভ্রমণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, মোনাকো, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, কিউবা, তুরষ্ক, লাওস, নেপাল, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নাটক মঞ্চায়নের অভিজ্ঞতা অর্জন করেছে দলটি।
দলটির উদ্যোগে ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর ও যুবদের জাতীয় নাট্য সংঘ ‘পিপল্স থিয়েটার এসোসিয়েশন (পিটিএ)’ এবং শিশু নাট্যদল ‘পিপল্স লিটল থিয়েটার (পিএলটি)’। গত ২৬ বছরে পিটিএ’র সাথে যুক্ত হয়েছে ২৮০টি সংগঠন। পিটিএ’র উদ্যোগে নিয়মিতভাবে শিশুদের নাট্যপাঠশালা, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, জাতীয় এবং আন্তর্জাতিক শিশু-কিশোর ও যুব নাট্যোৎসবের আয়োজন করা হয়। পিটিএভুক্ত দলগুলো এপর্যন্ত ৯২টি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছে। লোক নাট্যদলের অন্যান্য সহযোগী সংগঠনগুলো হলো- পিপল্স থিয়েটার ইন্সটিটিউট, পিপল্স রিপার্টরী থিয়েটার ও নাট্য তথ্য ব্যাংক। ‘পিপল্স রেপার্টরী থিয়েটার (পিআরটি)’ নামক পেশাদার নাট্য সংগঠনটি লোক নাট্যদলের তত্ত্বাবধানে পরিচালিত হয়। পিআরটি নিয়মিত নাটকের পাশাপাশি ‘শিশুদের জন্য বড়দের নাটক’ প্রযোজনা করে থাকে।
দেশের নাট্যাঙ্গনের এ উল্লেখযোগ্য নাট্যসংগঠনটির তিনযুগ পূর্তিতে আয়োজন করা হয়েছে ৪দিনব্যাপী উৎসব। এতে প্রদর্শিত হবে দলের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী নির্দেশিত ৮টি নাটক। এছাড়াও থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা এবং সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্য গবেষক আশীষ গোস্বামী।
সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন কৃষ্টি হেফাজ, ইয়াসমিন আলী, স্বদেশ দাসগুপ্ত, জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, ড. মাহফুজা হিলালী, মাসউদ সুমন, আজিজুর রহমান সুজনসহ লোক নাট্যদলের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ৪ দিনব্যাপী উৎসবের উদ্বোধন হবে ৫ জুলাই বিকাল ৬টা ৩০মিনিটে জাতীয় নাট্যশালার লবিতে। এ সময় প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করেন লিয়াকত আলী লাকী নিজেই। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় প্রদশির্ত হবে দুটি নাটক। সুকুমার রায়ের ‘অবাক জলপান’ এবং বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক তারিক আনাম খান রূপান্তরিত মলিয়েরের ‘কঞ্জুস’।
৬ জুলাই জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টা ৩০মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান এবং ড. আব্দুস সেলিম অনুদিত গাও সিং জিয়ানের ‘মাঝরাতের মানুষেরা’ নাটকের প্রদর্শনী।
৭ জুলাই জাতীয় নাট্যশালায় বিকাল ৪টা থেকে পরপর তিনটি নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটক তিনটি হলো-লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও পরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনালেখ্য ‘মুজিব মানে মুক্তি’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ ও ‘রথযাত্রা’। একই দিন সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’।
৮ জুলাই উৎসবের সমাপনী দিনে সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘লোক নাট্যদলের কর্মমুখর তিনযুগ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাসরীন মুস্তাফা রচিত নাটক ‘লীলাবতী আখ্যান’।
