প্যারিসে টানা চার সপ্তাহ চলছে ‘আন্ডার কনস্ট্রাকশন’
ফ্রান্সের রাজধানী প্যারিসে টানা চারসপ্তাহ চলছে রুবাইয়াত হোসেন নির্মিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। সম্প্রতি দেশটির ৬শহরের ৭টি থিয়েটারে মুক্তি পায় চলচ্চিত্রটি। রোববার প্যারিস থেকে গ্লিটজকে তথ্যটি জানালেন নির্মাতা।
প্যারিসের দুটি থিয়েটারে টানা চার সপ্তাহ চলছে বাংলাদেশের পোশাকশ্রমিকের দুঃখগাথা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। শুধু তাই নয়, অন্য দুটি শহরেও দু’সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। নির্মাতা রুবাইয়াত জানালেন, আগামী ৫ তারিখ থেকে আরও ১২টি থিয়েটারে প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি। এরমধ্যেই হাজারেরও বেশি দর্শক উপভোগ করেছে চলচ্চিত্রটি।
এমন আনন্দের খবর জানাতে গিয়ে হতাশার কথাও জানালেন এ নির্মাতা। বললেন, “আমরা ‘আন্ডার কন্সট্রাকশন’এর জন্য দেশে চারটার বেশি হল পাইনি। অথচ ফ্রান্সে প্রায় ২০টা হলে ছবিটা রিলিজ হবে। কিন্তু নিজের দেশে ৫টা হলও পাই না। অথচ পার্শ্ববর্তী দেশ নেপালেও কিন্তু আমাদের মতো নির্মাতাদের ছবি ৮০টা হলে রিলিজ পাচ্ছে।”
তিনি বললেন, “৬জুন গিয়েছিলাম উদ্বোধনী প্রদর্শনীতে। দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে ছবিটি। বেশ ভালো ও বোদ্ধা দর্শক আছে সেখানে। উদ্বোধনী প্রদর্শনীতে বেশকিছু প্রশ্নের উত্তর দিতে হলো তাদের।”
বাংলাদেশের বড়পর্দায় নিষিদ্ধ চলচ্চিত্র ‘মেহেরজান’ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা রুবাইয়াত হোসেন। ‘আন্ডার কনস্ট্রাকশন’য়ের পর তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘মেড ইন বাংলাদেশ’ নামে নতুন চলচ্চিত্র। এ চলচ্চিত্রটিও নির্মিত হতে যাচ্ছে পোশাক শ্রমিকদের দুঃখগাথা নিয়ে।
তিনি বলেন,“ ‘মেড ইন বাংলাদেশ’ এমন একজন তরুণীর গল্প যাকে পুঁজিবাদ, বামরাজনীতি ও ইসলামিকরণের চাপের ভেতর নিজেকে সামলে এগিয়ে নিয়ে যেতে হয়েছে ।”
খুব শিগগিরই চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে।
