২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সরবোর্ডে তিনবছর আটকে চাকমা ভাষায় নির্মিত দেশের প্রথম ছবি

সেন্সরবোর্ডের হস্তক্ষেপে প্রায় তিনবছর আটকে আছে চাকমা ভাষায় নির্মিত দেশের প্রথম ছবি ‘মাই বাইসাইকেল’। এদিকে বিশ্বচলচ্চিত্রের আসরে প্রশংসিত ছবিটি অব্যাহত রেখেছে তার বিশ্বভ্রমণ। এবার এটি প্রদর্শিত হতে যাচ্ছে আর্জেন্টিনার ফিকসার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 05:54 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

গতকাল ১ জুলাই  থেকে শুরু হয়ে ৮ জুলাই পর্যন্ত আর্জেন্টিনার বুয়েনস আয়রেস শহরে প্রথমবারের মত  অনুষ্ঠিত হচ্ছে ‘ফিকসার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসবে ‘মাই বাইসাইকেল’ চলচ্চিত্রটি ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা’ বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল,আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকো সহ অন্যান্য দেশের মোট ১০ টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করছে। এছাড়াও ছবিটি ব্রাজিলের  সিনে-কুরিয়ান ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহন করবে।  উৎসবটি চলবে  জুলাই ১২ থেকে ১৬ পর্যন্ত সালভাদোর  ও অগাস্ট  ১৬ থেকে ১৯ পর্যন্ত সেরা দো-পেদাইরো  শহরে।

তবে, নির্মাণের পর সেন্সরবোর্ডের হস্তক্ষেপে দেশে মুক্তি থেমে থাকলেও বিশ্বচলচ্চিত্রের আসরে দেশের জন্য চলচ্চিত্রটি বয়ে আনছে সম্মান। ‘মাই বাইসাইকেল’ চলচ্চিত্রটি ইতিমধ্যে তালিন ব্ল্যাক নাইটস,গোটেবর্গ সহ অনেক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সিলভার আকবুজাত এথনিক ফিল্ম ফেস্টিভ্যাল-এ শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার লাভ করেছে।

তরুণ নির্মাতা অং রাখাইনের দাবি, তাঁর প্রথম ছবি মাই বাইসাইকেল-এ তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাত্যহিক জীবন-সংগ্রামকে কাব্যিক ভাবে উপস্থাপন করেছেন। পাশাপাশি এর নান্দনিক চিত্রায়ণ ছবিটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

তবে, সেন্সরবোর্ড যেন বরাবরের মতোই বেরসিক। সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন হতে পারে এমন অভিযোগে প্রথমেই থমকে যায় চলচ্চিত্রটির সেন্সরপ্রাপ্তি। তবে বিধিমোতাবেক, সেন্সরবোর্ডের সদস্যগণ চলচ্চিত্রটির কিছু অংশ সংশোধনের জন্য অনুরোধ জানান নির্মাতাকে। সে অনুযায়ী সংশোধন শেষে ফের চলচ্চিত্রটি বোর্ডে জমাও দেন নির্মাতা অং রাখাইন। কিন্তু ফের সেন্সরবোর্ডের কাঁচির নিচে পড়ে ‘মাই বাইসাইকেল’।

নির্মাতা অং রাখাইন বলেন, “প্রথমবার যখন কারেকশানের জন্য আমাকে দেয়া হয়, তা আমি মেনে নিয়েছি। চলচ্চিত্রটির নান্দনিক মানও তাতে ক্ষুন্ন হয়নি। তাই সেন্সরবোর্ডের কথা মেনেই সংশোধন করে চলচ্চিত্রটি বোর্ডে জমা দেই। কিন্তু এরপর আবার আমাকে বড় একটি কারেকশানের জন্য দেয়া হয়। যে কারেকশানে আসলে আমার পুরো চলচ্চিত্রটি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি হতাশ হয়ে আর বোর্ডের পথে পা বাড়াইনি।”

এদিকে, দেশের সম্মান বয়ে আনা চলচ্চিত্রটির সেন্সরবোর্ডে এমন হয়রানির কারণ জানতে রোববার এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় সেন্সরবোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিনের সাথে। তিনি বিডিনিউজকে এ প্রসঙ্গে বলেন, “ছবিটা অনেকদিন আগে দেখা হয়েছে। তবে, যতদূর মনে করতে পারি একটা বড় কারেকশানের জন্য দেয়া হয়েছে চলচ্চিত্রটিকে। নির্মাতা কোনো সাড়া দেননি।”

একবার সংশোধনের পরও দ্বিতীয়বার কেন সংশোধন দেয়া হলো এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “সেনাবাহিনীর আপত্তিতে প্রথমবার সংশোধনের পর দ্বিতীয়বার যখন ছবিটি দেখতে বসেন, তখন বোর্ড সদস্যরা দ্বিতীয়বার এ কারেকশান দেন। নির্মাতার যদি কোনো আপত্তি থেকে থাকে তাহলে তার জন্য আপিল করার সুযোগ ছিলো। আপিলেই নির্মাতা তার অভিযোগগুলো নিয়ে কথা বলতে পারতেন ।”

এ প্রসঙ্গে নির্মাতা অং রাখাইন বলেন, “আমাদের সেন্সরবোর্ড স্বাধীন না। তাদেরকে অন্য কোনো ব্যক্তি গাইড করে। পরোক্ষ কোনো শক্তির প্রভাবে চলচ্চিত্রটির মুক্তি দিতে পারছেন না। সেন্সরবোর্ড যদি একটা ফিল্মের জন্য কাজ করে দেশের স্বার্থে তাহলে কখনো এমনটা হতো না।”

খনা টকিজ প্রযোজিত ‘মাই বাইসাইকেল’ গত ২০১৪ সালের মার্চ মাসে সেন্সরবোর্ডে জমা দেয়া হয় বলে জানিয়েছেন নির্মাতা অং রাখাইন। তিনি বাংলাদেশের একটি সংখ্যালঘু রাখাইন গোষ্ঠীর সদস্য। ‘মাই বাইসাইকেল' নামের এই ছবিটির জন্য তিনি প্রায় একযুগ ধরে কাজ করছেন। এটির দৃশ্যধারণ শুরু হয় ২০১২ সালে এবং ২০১৪ সালের ডিসেম্বরে ঢাকার একটি চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়।