আইনি জটিলতায় ‘টয়লেট এক প্রেম কথা’
১১ আগস্ট মুক্তির কথা রয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’। মুক্তির আগে কাহিনি নকলের অভিযোগে উকিল নোটিশ পাঠানো হয়েছে সিনেমার কর্তৃপক্ষের কাছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ‘টয়লেট এক প্রেম কথা’র বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন ভারতীয় তথ্যচিত্র নির্মাতা প্রবীণ বিয়াস। অভিযোগপত্রে তিনি দাবি করেন, শৌচালয় নির্মাণ ও স্বাস্থ্য সচেতনা নিয়ে তার নির্মিত তথ্যচিত্র ‘মানিনি’র গল্প ও সংলাপের সঙ্গে হুবহু মিল রয়েছে অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমার।”
২০১৬ সালে গোয়া’তে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া’তে তথ্যচিত্র বিভাগে তৃতীয় পুরস্কার পায় ‘মানিনি’। কাহিনি নকল প্রসঙ্গে ‘মানিনি’ নির্মাতা প্রবীণ বিয়াস বলেন, “তারা শুধু আমার তথ্যচিত্রের গল্পই চুরি করেনি, তারা প্রতিটি ফ্রেমও নকল করেছে। এমনটি ‘মানিনি’র সংলাপও তারা কোনো রকম পরিবর্তন ছাড়াই এ ছবিতে ব্যবহার করেছে।”
এরই মধ্যে উকিল নোটিশ পাঠানো হয়েছে ‘টয়লেট এক প্রেম কথা’র প্রযোজকের কাছে। এ অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছে নোটিশে। তবে অভিযোগ অস্বীকার করে এ সিনেমার সহ-প্রযোজক শীতল ভাটিয়া বলেন, “এ অভিযোগ একবারেই ভিত্তিহীন। এ সিনেমার চিত্রনাট্য ও গল্প প্রথম থেকেই আমাদের নামে নিবন্ধন করা আছে। আমাদের হয়রানি করতেই এ অভিযোগটি করা হয়েছে।”
অক্ষয় কুমার ও ভূমি পেদনেকর অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’র কাহিনি আবর্তিত হয়েছে এক নব-বিবাহিত দম্পতির ঘরে স্বাস্থ্যসম্মত শৌচালয় না থাকায় তৈরি হওয়া বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে।
