নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে ‘দঙ্গল’ কন্যার গাড়ি
নিতেশ তিওয়ারির সাড়াজাগানো সিনেমা ‘দঙ্গল’য়ে আমির খানের মেয়ে গীতা ফোগতের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন কাশ্মিরী অভিনেত্রী জাইরা ওয়াসিম। বৃহস্পতিবার রাতে এক দুর্ঘটনায় কাশ্মিরের ডাল লেকের পানিতে পড়ে যায় তাকে বহন করে নিয়ে যাওয়া একটি প্রাইভেট কার।
আইএনএস বলছে, বৃহস্পতিবার রাত নয়টায় বন্ধু আরিফ আহমেদকে সঙ্গে নিয়ে ভারতের শ্রীনগরের ডাল লেকের সামনে দিয়ে যাচ্ছিলেন জাইরা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে যায় গাড়িটি। গাড়িটি একজন স্থানীয় রাজনীতিবিদের বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই স্থানীয় জনগণ তাদের দু’জনকে উদ্ধার করে। দুর্ঘটনায় অক্ষত রয়েছেন জাইরা, তবে তার বন্ধু আরিফ বেশ আহত হয়েছেন বলে জানায় এক প্রত্যক্ষদর্শী।
‘দঙ্গল’ ছবির অভিনয়ের জন্য এ মুহূর্তে ভারতের জনপ্রিয় মুখ জাইরা ওয়াসিম। গীতা ফোগত চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সামনেই তাকে দেখা যাবে আমির খানের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’য়ে। এতে হিজাব পরিহিত এক ফেইসবুক সংগীত তারকার ভূমিকায় দেখা যাবে তাকে।
