ম্যানচেস্টারে আবেগ সামলাতে পারলেন না আরিয়ানা
যে ম্যানচেস্টার দুই সপ্তাহ আগেই রক্তাক্ত হয়েছে সন্ত্রাসী হামলায়, সেই ম্যানচেস্টার এবার ভিজলো তারকাদের ভালোবাসায়। ২২ মে’র আত্মঘাতী হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আরিয়ানা গ্রান্ডের ডাকে সাড়া দিলেন কেটি পেরি, জাস্টিন বিবার, ক্রিস মার্টিন, মাইলি সাইরাসদের মতো তারকারা। রোববার রাতে ‘ওয়ান লাভ’ নামের তারকাবহুল কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে আবেগের বাঁধ সামলাতে পারলেন না তাদের অনেকেই।
ম্যানচেস্টারে যখন চলছিল আরিয়ানার কনসার্টের প্রস্তুতি, তখন লন্ডন ব্রিজে আরেক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে ৭ জন। কিন্তু এরপরও দমে যাননি তারকারা, সব ভয়কে জয় করে ঠিকই নিজেদেরকে উজাড় করে দিয়েছেন কনসার্টের মঞ্চে। যে শিল্পীর উদ্যোগ ঘিরে এতকিছু, সেই আরিয়ানা গ্রান্ডেও মঞ্চে উঠে বারবার স্মরণ করলেন তার কনসার্টে এসে লাশ হয়ে ফেরা ২২ জনকে।
২৩ বছর বয়সী এই তারকা সবাইকে বলেন হামলায় নিহত ১৫ বছর বয়সী অলিভিয়া ক্যাম্পবেল-এর মায়ের সঙ্গে তার কথপোকথনের অভিজ্ঞতা।
তিনি বলেন, “যখন আমি তার সঙ্গে দেখা করলাম, আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি তাকে জড়িয়ে ধরলাম। কিন্তু তিনি আমাকে বললেন কান্না থামাতে। বললেন, অলিভিয়া চাইবে না আমি কাঁদি। অলিভিয়া চাইবে, আমি আমার শ্রোতাপ্রিয় গানগুলো গাই!”
মার্কিন এই শিল্পীর চোখের কোণায় তখনও ছিল অশ্রু। এরপর অলিভিয়া স্মরণে তিনি গেয়ে ওঠেন ‘সামহোয়্যার ওভার দ্য রেইনবো’ গানটি।
ছবি: রয়টার্স
তিনি বলেন, “যাদের প্রাণ কেড়ে নেওয়া হল, এই মুহূর্তে আমি তাদের প্রতি সম্মান জানাই। আমরা তোমাদের ভালোবাসি, তোমাদের পরিবারকে ভালোবাসি। আসুন, সবাই দুই হাত তুলে সম্মান জানাই তাদের প্রতি।”
কনসার্টের আরেক তারকা কেটি পেরি বলেন, “ভালোবাসা ভয়কে জয় করে এবং ভালোবাসার কাছেই ঘৃণা পরাস্ত হয়। আপনারা যদি ভালোবাসাকে বেছে নেন, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি ।”
এই কনসার্টে আরও পারফর্ম করেন মার্নি র্যাপার ফ্যারেল উইলিয়ামস, ব্রিটিশ ব্যান্ড টেইক দ্যাট, ব্ল্যাক আইড পিজ, ওয়েসিস তারকা লিয়াম গ্যালাগার এবং রবি উইলিয়ামস। কনসার্টটি অনুষ্ঠিত হয় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে। এই আয়োজন থেকে সংগৃহীত সকল অর্থ দান করা হবে রেড ক্রসের ম্যানচেস্টার ইমার্জেন্সি ফান্ডে। কনসার্টটি সরাসরি সম্প্রচার করে বিবিসি।
