‘মেরি বেটি সানি লিওনি বান্না চাহতি হ্যায়’
নির্মাতা রাম গোপাল ভার্মা প্রথমবারের মতো তৈরি করলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘মেরি বেটি সানি লিওনি বান্না চাহতি হ্যায়’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউবে প্রকাশের সঙ্গে সঙ্গেই অন্তর্জালে ঝড় তুলেছে ।
১১ মিনিট ২৯ সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মধ্যবিত্ত পরিবারের বাবা-মায়ের সঙ্গে তরুণী মেয়ের আলাপচারিতার মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে সমাজে নারীর যৌন-স্বাধীনতাকে অবদমিত করে রাখার পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে।
এতে অভিনয় করেছেন নয়না গাঙ্গুলী, মকরন্দ দেশপান্ডে এবং দিব্যা জগডালে।
চলচ্চিত্রটিতে দেখা যায়, একটি মেয়ে সানি লিওনির মতো পর্নোগ্রাফিতে কেরিয়ার গড়তে চাওয়ার আকাঙ্খা প্রকাশ করলে ক্ষোভে ফেটে পড়ে তার বাবা-মা। নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হয়, পর্নোতারকা হলে সমাজে পতিতা হিসেবে চিহ্নিত হতে হয়, বিয়ে কিংবা সন্তান ধারণের মতো স্বাভাবিক জীবন থেকে হতে হয় বঞ্চিত। কিন্তু অভিভাবকদের প্রতিটি প্রশ্ন দারুণ সব যুক্তির মাধ্যমে খন্ডন করতে থাকে মেয়েটি।
মেয়েটি তার বাবাকে প্রশ্ন করে তিনি সহকারি ব্যবস্থাপক হতে পারলে সে কেন পর্নোতারকা হতে পারবে না? পর্নোতারকাদের ‘বেশ্যা’ বা ‘পতিতা’ বলে হেয় করার বিষয়টিও পুরুষতান্ত্রিক মানসিকতা ছাড়া আর কিছুই না, কারণ পুরুষদের জন্য এমন কোনো গালি নেই। নারীর দেহ এবং তার যৌনতা তার নিজের সম্পদ; বিয়ের মাধ্যমে নারীদের বাধ্য করা হয় এই সম্পদকে পুরুষের একচেটিয়া ব্যবহারের সম্পত্তিতে পরিণত করতে।
পৃথিবীতে সবাই কোনো না কোনো কিছু বেচে জীবিকা নির্বাহ করে, হোক সে তার মেধা কিংবা কায়িক শ্রম। তাহলে সানি লিওনি নিজের যৌন আবেদন বিক্রি করে জীবিকা নির্বাহ করলে সমস্যা কোথায়? তাছাড়া, পর্নোগ্রাফি পৃথিবীতে আছে, কারণ কোটি কোটি মানুষ এর থেকে আনন্দ পায়। এমন সব বক্তব্যই উঠে আসে মেয়েটির বক্তব্যে।
রাম গোপাল ভার্মার এই চলচ্চিত্র একদিকে যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি হচ্ছে সমালোচিতও। ভিডিওটি দেখে মনীষ অরোরা নামের একজন লিখেছেন, “ওয়াও! এটি একটি সাহসী চলচ্চিত্র যেখানে সেসব মানুষের বকধার্মীকতাকে তুলে ধরা হয়েছে, যারা পর্নোগ্রাফি দেখতে চায়, কিন্তু বাস্তবে এর অস্তিত্ব স্বীকার করতে চায় না।”
ওদিকে আশা নায়ার নামের আরেকজন লিখেছেন, “এখানে পর্নোগ্রাফির অভিনেত্রীর তারকা খ্যাতি আছে অথচ’ ধর্ষিতার একজন সাধারণ মানুষের সম্মানটুকুও নেই! এই হলো আমাদের সমাজ!”
ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক সানি লিওনি হিন্দি সিনেমায় নাম লেখানোর আগে কেরিয়ার গড়ে তুলেছিলেন পর্নোগ্রাফিতে। তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও একজন পর্নোতারকা। হিন্দি সিনেমায় কাজ করার জন্য মুম্বাইয়ে এসে বসবাস করতে শুরু করার পর থেকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেকেই তার বিরোধিতা করে আসছেন, সানি লিওনি ‘ভারতের যুবসমাজকে পথভ্রষ্ট করছেন’- এই দাবি তুলে।
চলতি বছরের নারী দিবসে রাম গোপাল ভার্মাও সমালোচিত হয়েছিলেন ‘পৃথিবীর সব নারী, পুরুষদের সানি লিওনির মতো আনন্দ দিক’- এমন টুইট করে। এই টুইটের কারণে মামলাও করা হয় তার নামে।
