তারকোভস্কি’র দেশে ফারুকীর ‘ডুব’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’-এর বড়পর্দায় উন্মোচন ঘটছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
আগামী ২২ জুন থেকে শুরু হতে যাচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসর। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের ১১টি নির্বাচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটিও। গতকাল উৎসব কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করে। এসময় উৎসবের শিল্প নির্দেশক কিরিল রাজলগভসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাড়াও উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া দেশগুলো লড়াই করবে ঐতিহ্যবাহী এই উৎসবের কাঙ্খিত গোল্ডেন জর্জ অ্যাওয়ার্ড এর জন্য। প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, জুরি পুরস্কার, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য লড়বে জার্মানি, রাশিয়া, ডেনমার্ক, কোরিয়া, চায়না, জাপান, আর্জেন্টিনা, ইন্ডিয়া ও বাংলাদেশের চলচ্চিত্রগুলো।
বলিউড তারকা ইরফান খান অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্রটি নির্মাণের পর এই প্রথম আন্তর্জাতিক ভ্রমণ ও প্রদর্শনের পথে পা বাড়ালো। দেশে এখনও সেন্সর পেরুতে না পারলেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনবে চলচ্চিত্রটি এমনটাই মনে করছেন নির্মাতা ফারুকী। দেশেও চলচ্চিত্রটি মুক্তির ব্যাপারে সরকার সংশ্লিষ্টদের বোধোদয় কামনা করেছেন তিনি।
শুধু তাই নয়, বিশ্বখ্যাত নির্মাতা তারকোভস্কির দেশে চলচ্চিত্র ‘ডুব’ প্রদর্শনও আবেগে আপ্লুত করছে ফারুকীকে। তিনি বলেন, “মস্কোর সঙ্গে তো একটা পুরনো প্রেম আছে। সেই ছোটবেলা থেকে তারকভস্কির ছবি দেখে এখনও চোখে ঘোর লেগে আছে। তার নির্মাণ এখনও কোনো না কোনো ভাবে মাথার পেছনে কাজ করে। সেই তারকভস্কির দেশে আমার সিনেমা প্রদর্শিত হচ্ছে, একটা নষ্টালজিক ইমোশনাল কানেকশানতো আছেই।”
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওনের অভিযোগের প্রেক্ষিতে এখনও সেন্সরবোর্ডে আটকে আছে চলচ্চিত্র ‘ডুব’।
বিষয়টিকে অন্যায্য ও অন্যায় ও বেআইনী বলে অভিহিত করেছেন নির্মাতা ফারুকী। তিনি বলেন, “সরকার ও সেন্সরবোর্ডের সকল আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবিটি। বরং একটি ছেলেমানুষী অভিযোগের প্রেক্ষিতে চলচ্চিত্রটি আটকে রাখা আইনবিরোধী। আশা করছি সরকার বিষয়টি দ্রুত অনুধাবন করবে, এবং ‘ডুব’ মুক্তি পাবে। আমি বলতে চাই, সরকারকে বিব্রত করতেই একটি মহল চলচ্চিত্রটির বিরুদ্ধে দাঁড়িয়েছে।”
ফারুকী জানান, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে রেড কার্পেটে হাঁটবেন ‘ডুব’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ইরফান খান ও তিশা। সঙ্গে থাকবেন তিনি ও ছবির প্রযোজকবৃন্দ।
রাশিয়ার সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসব ২২ জুন শুরু হয়ে চলবে ২৯ জুন পর্যন্ত ।
