ফ্রান্সে মুক্তি পাচ্ছে রুবাইয়াতের ‘আন্ডার কনস্ট্রাকশন’
ফ্রান্সে মুক্তি পাচ্ছে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র আন্ডার কনস্ট্রাকশান।
ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘আন্ডার কনসট্রাকশান’। একজন মধ্যবিত্ত নারী ও পোশাক শ্রমিকের মর্মগাথা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গতবছর জানুয়ারিতে মুক্তি পায় দেশে। দর্শকনন্দিত ও সমালোচকমহলে প্রশংসিত চলচ্চিত্রটি বিশ্বের বেশকিছু নামকরা উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এবার চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে ফ্রান্সে । আগামী ৭ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসসহ দেশটির মোট ৫টি শহরে চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে। তথ্যটি গ্লিটজকে জানিয়েছেন রুবাইয়াত হোসেন নিজেই।
তিনি বলেন, “পরিবেশকের মাধ্যমে আমাদের চলচ্চিত্রগুলো বিদেশে মুক্তির প্রক্রিয়াটা অনেক কঠিন। বেশিরভাগ চলচ্চিত্রই বাঙালি অধ্যুষিত এলাকাতেই মুক্তি দেয়া হয়। কিন্তু আমি খুব আনন্দিত যে ‘আন্ডার কনস্ট্রাকশান’ এমন একজন পরিবেশকের হাতে পড়েছে যাদের মাধ্যমে চলচ্চিত্রটি ফ্রান্সের আর্ট হাউজ সিনেমাসে মুক্তি পেতে যাচ্ছে।”
রুবাইয়াত জানান, দেশে চলচ্চিত্রটি মুক্তির পর গতবছর ফেব্রুয়ারিতে একটি ফেস্টিভালে এই পরিবেশকের সাথে সাক্ষাত হয় তার। পরবর্তীতে জুলাইয়ে একটি চুক্তি সম্পাদিত হয় তাদের মধ্যে। তখন থেকেই তারা এটি মুক্তির পরিকল্পনা করছিলেন।
বাংলাদেশের প্রেক্ষিতে একজন মধ্যবিত্ত সংস্কৃতিবান নারীর জীবনের টানাপোড়েন ও একজন পোশাক শ্রমিকের নিম্নবিত্ত জীবনের বাস্তবতা প্যারিসের দর্শকদের কতটুকু স্পর্শ করবে?
গ্লিটজের এমন প্রশ্নের উত্তরে রুবাইয়াত বললেন, “ফ্রান্সের দর্শক বিদেশি ভাষার চলচ্চিত্র দেখে অভ্যস্ত। আমি সবসময় ‘আন্ডার কনস্ট্রাকশান’ দেখার ব্যাপারে সেখানকার মানুষের আগ্রহ দেখেছি। চলচ্চিত্রটির গভীরে যে রাজনৈতিক সুর ও নারীবাদি বার্তাটা আমি পৌঁছে দিতে চেয়েছি তা ফ্রান্সে বেশ সমাদৃত হয়েছে। যখন ‘আন্ডার কনস্ট্রাকশান’ গিউমে মিউজিয়ামে প্রদর্শিত হয় তখন প্রদর্শনীর পর টানা দেড় ঘন্টা চলচ্চিত্রটি নিয়ে আলোচনা হয়েছে।”
বাংলাদেশের বড়পর্দায় নিষিদ্ধ চলচ্চিত্র ‘মেহেরজান’ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা রুবাইয়াত হোসেন। ‘আন্ডার কনস্ট্রাকশানে’র পর তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘মেড ইন বাংলাদেশ’ নামে নতুন চলচ্চিত্র । এ চলচ্চিত্রটিও নির্মিত হতে যাচ্ছে পোশাক শ্রমিকদের দুঃখগাথা নিয়ে।
নির্মাতা জানান, ২০১১ সালে তাজরিন গার্মেন্টস দুর্ঘটনা ও ২০১২ সালে রানা প্লাজা ধ্বসের ঘটনার বিরূপ প্রতিক্রিয়া তাকে এ বিষয়ে চলচ্চিত্র নির্মাণে প্ররোচিত করেছে।
তিনি বলেন,“ ‘মেড ইন বাংলাদেশ’ এমন একজন তরুণীর গল্প যাকে পুঁজিবাদ, বামরাজনীতি ও ইসলামিকরণের চাপের ভেতর নিজেকে সামলে এগিয়ে নিয়ে যেতে হয়েছে ।”
